কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তবে সব ঠিক থাকলে নভেম্বর মাসে ভোট হবে এবং ডিসেম্বর মাসের শুরুতেই বোর্ড গঠন হবে। কলকাতা পুরসভার নির্বাচন এখন পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই এই নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে। তার উপর এই নির্বাচন নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে। নির্বাচনী রণকৌশল নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক সেরে ফেলেছে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কলকাতা পুরসভার ভোটের জন্য ইনচার্জ করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। আর দায়িত্ব পাওয়ার পরই তিনি জেতার ব্যাপারে স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছেন। সুকান্তর দাবি, আসন্ন পুরসভা নির্বাচনে ১৭০-১৮০ আসন পাবে বিজেপি। আর জিতলে সনাতনী মেয়র পাবে কলকাতাবাসী।
এদিকে বুধবার সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানে সুকান্তবাবু জানান, কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটি এসওপি তৈরি করবে দল। ওই এসওপি অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। সমাজের সব স্তরের মানুষকে তালিকায় রাখা হবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষকেই অগ্রাধিকার দেবে দল। যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। দলের সকলের সঙ্গে আলোচনা করে প্রার্থী বাছাই করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু বিজেপির ‘অতি উৎসাহী’ নেতাদের সতর্ক করে দিয়ে সুকান্তর বার্তা, ‘কেউ যদি মনে করেন আমি প্রার্থী হয়ে গিয়েছি, তাহলে পরে তাঁকে আফসোস করতে হবে। তখন কাঁদবে।’
অন্যদিকে বিজেপি যে বিশেষ কমিটি গঠন করেছে তার শীর্ষে আছেন তাপস রায়। তাঁর সঙ্গে রয়েছেন সজল ঘোষ, রীতেশ তিওয়ারি, স্বপন দাশগুপ্ত-সহ বিজেপির একাধিক নেতা। কলকাতার পুরসভার এলাকার সঙ্গে যাঁদের দীর্ঘদিনের পরিচিতি রয়েছে তাঁদেরকেই এই কমিটিতে রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি এখন চায় কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভা তাদের দখলে আসুক। এই প্রেক্ষিতেই প্রেক্ষিতেই সুকান্তর ভবিষ্যদ্বাণী, ‘১৪৪টি ওয়ার্ডের হিসেবে গত বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপি ১০১ আসনে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে ২০৯টি আসন হলে দল অনায়াসে ১৭০-১৮০টি আসনে জিতবে। আর বিজেপি জিতলে আগামী দিনে সনাতনী মেয়র পাবে কলকাতাবাসী।’
তাছাড়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে কমিটি গড়ে তুলেছে বিজেপি। এই কমিটি ঠিক করবে সংকল্পপত্রে কী থাকবে এবং প্রচারের রণকৌশল কেমন হবে। কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভায় বিজেপি ক্ষমতায় এলে কোন কোন কাজ করবে এবং কেমন পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দেবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে যে উন্নয়ন আগে হয়নি সেটা এবার হবে বিজেপি বোর্ড গঠন করলে এমনটা বলা হচ্ছে। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘এই পুরভোটে বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপিই হতে চলেছে, অন্য কোনও দল নয়। আর যে পুরসভার লোগোতে তিনদিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিক আছে সেখানে আগামীদিনে সনাতনী মেয়র বসবে। কলকাতা পুরসভা পুরনো হৃতগৌরব ফিরে পাবে।’