দুর্গাপুজোর আগেই রাজ্যের বেহাল রাস্তার সংস্কার, বড় ঘোষণা করলেন পুরমন্ত্রী

Minister Agnimitra Paul Photo-SNS

দুর্গাপুজোর আগেই রাজ্যের একাধিক বেহাল রাস্তার হাল ফেরানো হবে। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভায় জানান, হাওড়ার দীর্ঘদিনের নাগরিক বিপর্যয় এবং অনিয়ম হয়েছে। পূর্ববর্তী সরকারের দূরদর্শিতার অভাবেই এখন হাওড়াবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বেহাল রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় তালিকা তৈরি করা হয়েছে। সেগুলি কলকাতা এবং জেলার নানা অংশে পৌঁছে দেওয়া হবে। আর যাতে সমস্ত রাস্তার কাজ দ্রুত শেষ হয় সেবিষয়ে জোর দেওয়ার জন্য জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করা হবে। দুর্গাপুজোর আগেই যাতে সমস্ত রাস্তা তৈরি হয়ে যায় সেদিকে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে কেমন করে সে কাজ হবে সেটাও স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘প্রাথমিকভাবে তিনটি স্তর দিয়ে রাস্তা তৈরি করা হবে। তার মধ্যে প্রথম দুটি স্তরের কাজ শুরু করা হবে দ্রুত। তবে শেষ স্তরের কাজ হবে বর্ষাকালের পরে। তাহলে রাস্তা অনেকটাই ভাল থাকবে। হাওড়ায় সামান্য বৃষ্টি হলেই ২-৩ দিন জল জমে থাকে। ছোট ছোট বাড়ি ভেঙে কোনও নিয়ম না মেনে গাদা গাদা বেআইনি বহুতল তৈরি করা হয়েছে। আপনারা তখন নিকাশি অথবা পানীয় জলের পাইপের কাজ কেন করেননি? আমরা হাওড়া পুরসভার ভোট কবে হবে সেটা পার্টি অফিসে বসে ঠিক করব না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে কলকাতার নিচু এলাকায় পিচ রাস্তায় অনেকদিন ধরে জল জমার পাশাপাশি পানীয় জল এবং নিকাশির জন্য রাস্তা খোঁড়া হলেও পুরসভার ঠিকাদাররা সংস্কার না করে ফেলে রাখায় খানাখন্দ তৈরি হয়ে আছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। তবে খুব দ্রুত বেহাল রাস্তাগুলির মেরামতি শুরু করতে ১৮ কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। পুলিশের রিপোর্ট নিয়ে বেহাল মূল রাস্তাগুলি দুর্গাপুজোর আগে মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তবে পুরমন্ত্রীর অভিযোগ, ‘মানুষ সরাসরি অভিযোগ জানাচ্ছেন এবং আমরা সঙ্গে সঙ্গে সেটার সমাধান করছি। আগের সরকারের পোর্টালগুলিতে শুধু অভিযোগ জমাই পড়ে থাকত, কাজের কাজ কিছুই হতো না।’


তাছাড়া দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই। তার আগে কলকাতা-সহ রাজ্যের নানা এলাকায় যাতে খারাপ রাস্তাগুলিকে দ্রুত মেরামতি করা যায় সেদিকে আগেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই কাজকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করা হবে বলেই জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, ‘দুর্গাপুজোর আগেই রাজ্যের বেহাল রাস্তার সংস্কার করা হবে। সাধারণ মানুষ যাতে শারদ উৎসবে পথে বেরিয়ে বিপদে না পড়েন তাই কাজে জোর দেওয়া হচ্ছে।’