মন্দিরে পুজোয় ব্যবহৃত ফুল আর আবর্জনায় যাবে না। পরিবেশ দূষণ রোধে সেই ফুল থেকেই ধূপকাঠি ও আবির তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার। সম্প্রতি কলকাতার চিনার পার্কে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এদিন মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন মন্দিরে প্রতিদিন বিপুল পরিমাণ ফুল ও মালা ব্যবহার হয়। পুজো শেষে সেগুলি নদী, পুকুর বা আবর্জনার স্তূপে ফেলে দেওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে। সেই সমস্যা মোকাবিলায় ব্যবহৃত ফুল সংগ্রহ করে তা থেকে ধূপকাঠি ও আবির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর মতে, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, তাঁর বাস্তবায়নে সকলকে একযোগে এগিয়ে আসর আহ্বান জানান তিনি।