পাক নাগরিক রানার সহযোগী ইমরান গ্রেপ্তার, জঙ্গিদের স্লিপার সেল তৈরির ছক!

Militant Allied Arrested Photo-Representative

আইএসআইয়ের জাল বিস্তার এবং জঙ্গিদের স্লিপার সেল তৈরি-সহ নাশকতার নানা পরিকল্পনা করা হয়েছিল। কলকাতায় বসেই সেসব কার্যকর করার কাজ চলছিল। তবে সেসব বাস্তবায়িত করার আগেই পাকিস্তানের নাগরিক তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট রানা রউফ গ্রেপ্তার হয়ে যায়। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় রানা গ্রেপ্তার হয়। এবার পুলিশ গ্রেপ্তার করল রানার সহযোগী বলে পরিচিত ইমরান হোসেন। সোমবার তপসিয়ার ফ্ল্যাট থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করল এসটিএফ। পাকিস্তানের নাগরিক রানা রউফকে নেপালের কাঠমান্ডু থেকে কলকাতায় নিয়ে আসা এবং ভারতীয় নথি তৈরি করতে সাহায্য করেছিল এই ইমরান হোসেন বলে অভিযোগ।

গত ১২ ‌আগস্ট উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রানাকে গ্রেপ্তার করে এসটিএফ। পাকিস্তানি নাগরিক হয়ে ভুয়ো পরিচয়ে কলকাতায় থাকছিল রানা রউফ। কাঠমান্ডু হয়ে কলকাতায় এসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট হিসাবে কাজ করছিল সে বলে এসটিএফ সূত্রে খবর। তদন্তে নেমে এসটিএফ জানতে পারে, ভারতে ‘স্লিপার সেল’ তৈরি করতে এসেছিল রানা। আর ভারতের গোপন তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগের চেষ্টা করছিল। বাংলাদেশে পালানোর পরিকল্পনাও করেছিল রানা। সেই কাজে তাকে সাহায্য করে তপসিয়ার বাসিন্দা ইজাজ আলিকে গ্রেপ্তার করা হয়। ইজাজ রানার শাগরেদ হিসেবে কাজ করছিল। এবার আরও এক শাগরেদ ইমরান হোসেনের হদিস মিলল।

রানা যে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল তাতে অন্যান্য নথি তৈরি করে তাকে সাহায্য করছিল এই ইমরান। ইমরানের সঙ্গে আরও কয়েকজন রয়েছে। তাদের ধরতে এখন মরিয়া তদন্তকারীরা। ভারতীয় সেনাবাহিনী এবং রেল নিয়ে নানা তথ্য সে পাঠাত আইএসআইকে। রানার কাছে ছিল পাকিস্তানের পাসপোর্ট। তার নম্বর পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা বলে সূত্রের খবর। এসটিএফ সূত্রে খবর, ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য ওই পাসপোর্ট সে আগেই ঢাকায় পাঠিয়েছিল। যাতে বিমানের টিকিট কাটা যায়। সেই পাসপোর্ট নম্বরের সূত্র ধরেই একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।


তাছাড়া ধৃত ইমরান হোসেনকে সোমবার বারাসত আদালতে হাজির করা হয়। রানাকে জেরা করেই এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ পেতে চাইছে পুলিশ। রানাকে ভুয়ো ভারতীয় নথি বানিয়ে দিয়েছিল এই ইমরানই। রানার কাছ থেকে যে ডায়েরি মিলেছে তাতে নেপাল, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কিছু ফোন নম্বর আছে। ইমরান ভুয়ো নথিপত্র দিয়ে পাসপোর্ট বানাত বলে অভিযোগ। কলকাতাকে কেন্দ্র করে জঙ্গিদের স্লিপার সেল তৈরির ষড়যন্ত্রও করছিল। এই কাজে আরও বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ। তাদের এখন সন্ধান করছেন তদন্তকারীরা।