নতুন লোগো প্রকাশ করল মমতা তৃণমূল, ফুটবলার চেনাতে নেতাদের নির্দেশ নেত্রীর

Mamata Banerjee New Logo Photo-ANI

দুই পক্ষের দড়ি টানাটানিতে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আগের নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। যদিও তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। যাতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আপাতত নতুন নাম এবং প্রতীক নিয়েই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মমতা শিবিরকে। আর এবার নির্বাচন কমিশনের দেওয়া প্রতীককেই নতুন রূপে সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলের শীর্ষ নেতাদের নির্দেশ দিলেন মানুষের সঙ্গে তা পরিচিত করানোর। যা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের দেওয়া লোগোর মাঝে নিয়ে আসা হয়েছে দলের নতুন প্রতীক ফুটবলার। আর তার চারদিকে নীল রঙের উপরে সাদা হরফে লেখা রয়েছে দলের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। ওই প্রতীকে জায়গা পেয়েছে গেরুয়া, সাদা এবং সবুজ তিন রঙের ছোঁয়া। এই তিন রঙই রয়েছে দেশের জাতীয় পতাকায়। সুতরাং দেশের প্রতি যে আনুগত্য সেটা এভাবেই প্রকাশ পেয়েছে নয়া প্রতীকে। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র-রেজিনগর এবং নন্দীগ্রাম আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে এমন উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে উপনির্বাচন মিটলেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন আছে। কিন্তু ততদিনেও যদি মীমাংশ না হয় বা নির্বাচন কমিশন অনৈতিক পথে আগের নাম-প্রতীক ফেরত না দেয় তাহলে এই নাম-প্রতীককেই কাজে লাগাতে হবে। সেটাই আগাম করে রাখলেন নেত্রী বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। সেক্ষেত্রে ভোটারদের নতুন প্রতীক সম্পর্কে অবহিত করতে উদ্যোগী হয়েছে মমতা তৃণমূল। তাই মমতা তৃণমূলের পক্ষ থেকে দলের সব স্তরের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের নিজ নিজ মাধ্যমে নতুন লোগোর প্রচার ও প্রতীক চেনানোর কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকেই মমতা তৃণমূলের সাংসদ-বিধায়কদের অনেকে সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেন।


তাছাড়া গত ১৮ সেপ্টেম্বর, শুক্রবার দু’পক্ষের দড়ি টানাটানিতে ইতি পড়ে এই প্রতীক নিয়ে চলা যুদ্ধে। বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, জোড়াফুল প্রতীক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনওটিরই অস্তিত্ব নেই। মমতার শিবিরের নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবলার’। ঋতব্রত শিবিরের নাম ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘খাম’। এখন তা নিয়েই লড়তে হবে নির্বাচন দু’পক্ষকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রঙ নীল। যা স্থান পেয়েছে লোগোতে।