রাজ্যে এসটিএফের বড়সড় অভিযান, উদ্ধার ৯০ কেজি গাঁজা-সহ ব্রাউন সুগার, গ্রেপ্তার ৬

File Photo (প্রতীকী ছবি)

মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শনিবার, ১০ অক্টোবর রাজ্যের দুই পৃথক জায়গায় অভিযান চালান এসটিএফের আধিকারিকেরা। অভিযান চালিয়ে তাঁরা বিপুল পরিমাণ গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধার করেছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় মোট ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের খবর, প্রথম অভিযানটি উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত এলাকায় চালানো হয়। এসটিএফের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)-এর এই অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় ৯০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়াও নগদ ৫ লক্ষ টাকা ও তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জন ওড়িশার বাসিন্দা। তাঁরা গাঁজা সরবরাহ করতে এসেছিলেন বলে অভিযোগ। বাকি তিনজনের বিরুদ্ধে মাদক গ্রহণ ও সংগ্রহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।


অন্যদিকে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দার্জিলিং জেলার বাগডোগরা থানার অধীন এলাকায় দ্বিতীয় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে নকশালবাড়ি থানা এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।

আরও পড়ুন: ঢাকি ও ড্রোন শোয়ে ইডেনে দুর্গাপুজোর সূচনা, পুজো উদ্যোক্তাদের অ্যাকাউন্টে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর 

দুই ঘটনাতেই মাদক পাচারচক্রের শিকড় খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল, তা জানতে পাচারচক্রের আগের ও পরের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।