পুজোর মরসুমে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কত হল জানেন?

File Photo

হাতেগোনা আর কিছুদিন। তারপরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই শহরে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তা বাড়ল কলকাতাবাসীর। একেবারে এক ধাক্কায় বৃদ্ধি পেল রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম। আজ অর্থাৎ বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকে কলকাতায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হল।

তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লেও বাড়ির কাজে ব্যবহৃত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ছে না। এর আগে গত ১ সেপ্টেম্বর ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। সেবার গ্যাসের দাম বেড়ে হয়েছিল ২ হাজার ৮৮৪ টাকা। এর মধ্যে এক মাসের মধ্যে ফের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল।

এবার এক ধাক্কায় ৭০ টাকা দাম বাড়ায় শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছল ২ হাজার ৯৫৪ টাকায়। পুজোর মরশুমে এভাবে দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকেরা চিন্তায় পড়েছেন। গ্যাসের দাম বাড়ার ফলে পুজোর সময় রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খাবারের দাম বেড়ে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।


আরও পড়ুন: ৫০ বছরের প্রার্থনা থমকে বিমানবন্দরের মসজিদে, অধিকার বনাম নিরাপত্তার টানাপোড়েন আদালতে

তবে শুধু রেস্তোরাঁ নয়, অনেক পুজো কমিটি মণ্ডপে ও পাড়ায় খাওয়াদাওয়ার ব্যবস্থা করে। এছাড়াও পুজোর সময়ে রাস্তার ধার দিয়েও অনেক খাবারের দোকান বসে। সেক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও হঠাৎ এই দামবৃদ্ধি যে চিন্তায় ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।