আবার নিম্নচাপের ভ্রুকূটি বঙ্গোপসাগরে, ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়

Weather Update Photo-SNS

বঙ্গোপসাগরে নিম্নচাপ থামছেই না। পর পর নিম্নচাপের জেরে বারবার ভিজতে হচ্ছে বঙ্গকে। এবার সাগরে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টি হবে। ভিজবে কলকাতাও।

এখানে আর একটি বিষয় হল, সম্ভাব্য ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত কোন রাজ্যের উপকূলের দিকে এগিয়ে যাবে অথবা কোথায় আছড়ে পড়তে পারে সেটা এখনও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কতটা পড়বে সেটা এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। আপাতত পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী কদিনের মধ্যেই ঝড়ের গতিপথ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ শনিবারই সুস্পষ্ট আকার নিয়েছিল। আর ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায়। রবিবার সুস্পষ্ট ওই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে। সেটাই ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে শক্তি সংগ্রহ করবে। সোমবার সন্ধ্যায় ওই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

রবিবার সকাল থেকেই শুকনো আবহাওয়া রয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে হালকা শীতের আমেজ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। তবে নিম্নচাপ তৈরি হলে সমুদ্রের উপর হাওয়ার বেগ হবে ৪০ থেকে ৫৫ কিলোমিটার। গভীর নিম্নচাপে পরিণত হলে ঝড় হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড় তৈরি হলে হাওয়ার গতি বেড়ে যাবে ৬০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত।


তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুকনো আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। চলবে শনিবার পর্যন্ত।