ঐতিহ্য অটুট রেখে আধুনিক হবে কলকাতার গণপরিবহন: অর্জুন সিং

Image: SNS

কলকাতার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।  তিনি বলেন, কলকাতার পরিচয় তার ট্রাম, বাস এবং হলুদ ট্যাক্সি, হতে টানা রিকশা। তাই শহরের ঐতিহ্যকে নষ্ট না করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনকে আরও উন্নত, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য।

অর্জুন সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন তৃণমূল সরকার কলকাতার ট্রাম ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এবার বৃহত্তর পরিসরে ট্রাম পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি মানুষ সুবিধা পাবে। বিদেশের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন বাংলার ছেলে-মেয়েরাই। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে ঘিরে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে তাঁর দাবি।
তিনি জানান, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই গণপরিবহনের জন্য স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হবে। বাসে যাতায়াতকারী সুবিধাভোগী মহিলাদের জন্য আনা হবে ‘পিঙ্ক কার্ড’। পাশাপাশি চালু হবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে যাত্রীরা বাসের রিয়েল-টাইম অবস্থান, কখন বাস পৌঁছবে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হবে, যা জুলাই মাসের মধ্যেই কার্যকর করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
সরকার পরিবর্তনের পর পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন অর্জুন সিং। তাঁর কথায়, নতুন ও পরিবেশবান্ধব বাস ধাপে ধাপে রাস্তায় নামানো, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালু, একক স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে যাতায়াতের সুবিধা, বাস ও ট্রামের রিয়েল-টাইম ট্র্যাকিং, টার্মিনাস ও ডিপোগুলির পরিকাঠামো উন্নয়ন, ইলেকট্রিক বাসের সংখ্যা বৃদ্ধি এবং ট্যাক্সি পরিষেবাকেও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পরিবহন খাতে বিনিয়োগ বাড়িয়ে রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে বলেও জানান তিনি।
কেন্দ্র সরকারের দেওয়া প্রায় ৭০০-র বেশি বাস ডিপোতেই পড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ করে অর্জুন সিং বলেন, সেগুলিকে প্রয়োজনীয় সংস্কার করে ধাপে ধাপে পরিষেবায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তাঁর দাবি, আগামী দিনে ট্রামের পাশাপাশি আধুনিক বাস পরিষেবাও সমান গুরুত্ব নিয়ে কলকাতার রাস্তায় চলবে।
পরিবহন দপ্তরের প্রশাসনিক পরিকাঠামো নিয়েও সরব হন বিজেপি নেতা। বেলতলায় অবস্থিত পরিবহন দপ্তরের অফিসের সমালোচনা করে তিনি বলেন, ‘ওটা এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সেখানে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং আলোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতির প্রয়োজন হলে ওই দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।’
শেষে অর্জুন সিং বলেন, ‘কলকাতা, কলকাতার মতোই থাকবে। শহরের প্রাণভোমরা ট্রাম, বাস ও ট্যাক্সিকে পুরনো ঐতিহ্য বজায় রেখেই নতুন প্রযুক্তির মাধ্যমে সাজানো হবে। বিদেশের প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু কর্মসংস্থান হবে বাংলার ছেলে-মেয়েদের। আমাদের লক্ষ্য, কলকাতার গণপরিবহনকে দেশের অন্যতম আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব ব্যবস্থায় পরিণত করা।’