বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এর ফলে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা। শুক্রবার জন্মাষ্টমীর দিন কি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে, একটি মৌসুমী অক্ষরেখা রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে শুক্রবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিনও দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
শুক্রবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্র ও শনিবার দু’দিনই কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্র ও শনিবার উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।