এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। তাই দাঙ্গা-হাঙ্গামা থেকে শুরু করে যে কোনও অরাজক পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। অনুপ্রবেশ থেকে জঙ্গি, নাশকতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার কালীঘাট মন্দিরের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কালীঘাট মন্দির চত্বর এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পৃথক পুলিশ ফাঁড়ি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। এই প্রথম কোনও ধর্মীয় স্থানের জন্য পৃথক পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করছে লালবাজার। যদিও কালীঘাট থানা রয়েছে কালীঘাট মন্দিরের গায়েই।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং মন্দিরের আইনশৃঙ্খলা থেকে শুরু করে নিরাপত্তা রক্ষায় পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী নাশকতা অথবা জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কদিন ধরেই রাজ্যে একাধিক জঙ্গির হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাকিস্তানের নাগরিক। আবার জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হামিম মণ্ডল পুলিশের জালে উঠে এসেছে। এই জঙ্গিরা পশ্চিমবঙ্গের ধর্মস্থানগুলিকে টার্গেট করছে বলে সূত্রের খবর।
পুলিশ কমিশনারের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অতীতে কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে নানা নিরাপত্তার ঝুঁকি দেখা গিয়েছে। তাই সব দিক বিচার করেই পৃথক ফাঁড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকর্মীরা কালীঘাট মন্দিরের নিরাপত্তার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি দেখবেন। একজন ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে ২০ জন পুলিশকর্মী থাকবেন কালীঘাট পুলিশ ফাঁড়িতে। তার মধ্যে দু’জন সাব ইনস্পেক্টর (এসআই) অথবা সার্জেন্ট পদমর্যাদার। বাকি আটজন কনস্টেবল এবং পাঁচজন মহিলা কনস্টেবল থাকবেন।
তাছাড়া এই পৃথক ফাঁড়ির সমস্ত বিষয়টি দেখভাল করবেন ডিসি সাউথ। আর কালীঘাট থানার আওতায় থাকবে কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। এভাবেই এই সতীপীঠের নিরাপত্তা আঁটোসাঁটো করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পৃথক ফাঁড়ি কবে রূপ পাবে সেটা এখনও জানানো হয়নি।