কলকাতা থেকে লন্ডন সরাসরি যাওয়ার যাত্রী অনেক। কিন্তু সরাসরি যাওয়া যায় না। ভেঙে যাত্রা করতে হয়। সেখানে সরাসরি যাওয়ার ব্যবস্থা করা গেলে যাত্রীদের ঝক্কি পোহাতে হয় না। যদিও এই রুট কিছুতেই চালু করা যাচ্ছে না। এখন যা পরিস্থিতি তাতে কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল মোটামুটি বিশ বাঁও জলে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই চারটি বিমানসংস্থাকে চিঠি পাঠানো হয়েছিল। তাদেরকে এই সরাসরি কলকাতা-লন্ডন বিমান চালানোর প্রস্তাব দেয় কলকাতা বিমানবন্দর বলে সূত্রের খবর। কিন্তু তাদের কেউ এই রুটে বিমান চালানো নিয়ে কোনও আগ্রহ দেখায়নি। তাই এখন বহু যাত্রীর প্রশ্ন, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল কি বিশ বাঁও জলে?
আর চিঠির উত্তর না আসায় বোঝা যাচ্ছে না এই রুটে বিমান চলবে কিনা। তবে আশা করা হচ্ছে, কোনও একদিন হয়তো কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল করবে। পশ্চিমবঙ্গের এমন বহু যাত্রী আছেন যাঁদের লন্ডনে যাতায়াত আছে। তাঁরা চান, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল করুক। কিন্তু বহুদিন হয়ে গেলেও এই রুট চালু হয়নি। কবে শুরু হবে? এই প্রশ্ন উঠলেও সেটার কোনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। চলতি বছর কোনও সম্ভাবনা যে নেই সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একদা কলকাতা থেকে লন্ডন সরাসরি নিয়মিত বিমান চলত। এয়ার ইন্ডিয়া ছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজ এই রুটে বিমান চালাত। ২০০৯ সালের মার্চে কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ।
তারপর থেকে কলকাতা-লন্ডন সরাসরি রুটে বিমান চলত না। টানা ১১ বছর এই পরিষেবা বন্ধ ছিল। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চলাচল আবার চালু করে। সেটা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলত। করোনাভাইরাসের সময় কলকাতা-লন্ডন বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছিল। তারপর ২০২২ সালের ২০ মার্চ থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কলকাতা-লন্ডন বিমান চলাচল। তবে সেটা কেন বন্ধ হয়েছিল তার কোনও সদুত্তর মেলেনি। কারও মতে, যাত্রী সংখ্যা কমে যাওয়াতেই বন্ধ হয়ে গিয়েছে এই রুট। যদিও এখন করোনাভাইরাস অতীত হয়েছে। সেখানে চালু করা যেতেই পারত বলে মনে করেন অনেকে। কিন্তু কোনও বিমান সংস্থা আগ্রহ না দেখানোয় বিশ বাঁও জলে চলে গিয়েছে কলকাতা-লন্ডন সরাসরি রুট।
তাছাড়া এখন প্রশ্ন উঠছে, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা আদৌ কি চালু হবে? এই বিষয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং কোনও আশার আলো দেখাতে পারেননি। বিক্রম সিং বলেন, ‘আমি চারটি এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছিলাম। তারা হল-এয়ারইন্ডিয়া, ইন্ডিগো, ব্রিটিশ এয়ারওয়েজ এবং লুফথানসা। তারা এখনও পর্যন্ত আগ্রহ দেখায়নি। তাই কবে কলকাতা-লন্ডন বিমান চলাচল চালু হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।’