গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি দেখা যায়নি। রবিবার ছুটির দিনেও সকাল থেকে কলকাতায় মূলত আকাশ পরিষ্কারই রয়েছে। তবে কোনও কোনও জায়গায় হালকা মেঘেরও দেখা মিলছে। আজ কি কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবারও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও বীরভূমের এক থেকে দুজায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেভাবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ম তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।