তিনদিন পরও স্বাভাবিক হয়নি জল সরবরাহের পরিস্থিতি। টালা সেতুর নীচে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ আমলের পাইপ ফেটে গিয়ে বিপত্তি দেখা দেয়। আর তা মেরামতির কাজ চলছে। সুতরাং একাধিক এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়নি। মূল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আর জল সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পুরনো পাইপলাইনের সাহায্য নেওয়ার চেষ্টা করছে কলকাতা পুরসভা। নতুন বিকল্প পাইপলাইন বসানোর কাজও চলছে। এই আবহে চারটি বোরো এলাকায় একদিনে ২৫৪টি জলের ট্যাঙ্কার পাঠিয়েছে কলকাতা পুরসভা। এলাকার বাড়ি থেকে শুরু করে হাসপাতাল সর্বত্রই ট্যাঙ্কারে করে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কালীপুজোর পরদিন সকাল থেকে জল যন্ত্রণায় দেখা দিয়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায়। বুধবার ভ্রাতৃদ্বিতীয়ার সকালে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, টালায় পাইপলাইন মেরামতির কাজ চলছে। একাধিক জায়গায় অস্থায়ীভাবে জল পরিষেবা বন্ধ থাকবে। এখানে দুর্ঘটনাগ্রস্ত জায়গা থেকে প্রায় ৫০০ মিটার দূরে নতুন বিকল্প পাইপলাইন জুড়ে দেওয়ার কাজ চলছে। কলকাতা পুরসভার লক্ষ্য, মূল পাইপলাইনের উপর নির্ভরতা কমিয়ে অন্য পথ দিয়ে জল সরবরাহের ব্যবস্থা করা। আর তাই বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি এবং লাগোয়া এলাকায় জল পরিষেবা বন্ধ থাকবে।
কলকাতা পুরসভার রিপোর্ট অনুযায়ী, চারটি বোরো এলাকায় মোট ২৫৪টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। তার মধ্যে ১১৯টি ট্যাঙ্কার বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য, ১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল পৌঁছে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকাল সাড়ে ৯টা থেকে টাইম কলের জল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু’দিনের মতোই জলের গাড়ি পাঠানো হবে। কাজ শেষ হলে ৬-৭ ঘণ্টা পরে আবার পরিষেবা স্বাভাবিক হবে। স্থানীয় বাসিন্দাদের কাছে জল ব্যবহারে সংযত হওয়ার আবেদন জানিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
তাছাড়া জলসংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়লে পুরসভার হেল্পলাইন ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩, ১৪১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। ৯৮৩০৩২৪৩৩০ নম্বরেও অভিযোগ জানানো যাবে। জল সরবরাহ বিভাগের নোডাল অফিসার কল্লোল সরকারের যোগাযোগ নম্বর ৯৮৩১১২৭৫২২২। তবে এই বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সমাজমাধ্যমে পোস্ট করেন, ‘টালা রেলওয়ে ব্রিজ সংলগ্ন পাইপলাইনে লিকেজের কারণে জল সরবরাহে যে সাময়িক সমস্যা তৈরি হয়েছে, সেটা দ্রুত স্বাভাবিক করতে কলকাতা পুরসভার জল সরবরাহ দপ্তর নিরন্তর কাজ করে চলেছে। নাগরিকদের যাতে জলসঙ্কটে পড়তে না হয়, তাই ইতিমধ্যেই ৪টি বরো এলাকায় ২৫৪টি জলের ট্যাঙ্কার মোতায়েন করে জল সরবরাহ করা হয়েছে। তার মধ্যে ১১৯টি গার্হস্থ্য প্রয়োজনে, ১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল পৌঁছে দেওয়া হয়েছে। পাইপলাইন মেরামতির কাজও যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে।’