খাদ্য সুরক্ষার শর্ত পূরণ করল ৪৮টি হোটেল, ব্যবসা শুরুর ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

Kolkata Municipal Corporation Photo-SNS

খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে যে সব হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানগুলি বন্ধ করা হয়েছিল তাদের মধ্যে ৪৮টিকে পুনরায় ব্যবসা চালুর ছাড়পত্র দিল কলকাতা পুরসভা। দুর্গাপুজো অথবা উৎসবের মরশুমের আগে জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে শহরের নানা নামী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০টি দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগ। তবে ত্রুটি সংশোধন করার শর্ত পূরণ হতেই এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তার ফলে আবার রোজগারের মুখ দেখবে দোকান-রেস্তোরাঁগুলি।

দুর্গাপুজোর প্রাক্কালে শহরের নানা রেস্তোরাঁ, মিষ্টির দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। খাবারের মান, অস্বাস্থ্যকরভাবে খাবার এবং খাবার তৈরির উপাদান সংরক্ষণ পদ্ধতি, অপরিচ্ছন্নতা-সহ খাদ্য সুরক্ষার নিয়ম না মানার অভিযোগে কড়া পদক্ষেপ নেন অফিসাররা। তার মধ্যে ৪২টি হোটেল এবং রেস্তোরাঁর ফুড লাইসেন্স স্থগিত করা হয়। বাকি ২৮টি দোকানের ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত করা হয়। তখন কলকাতা পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই দোকানগুলি নিজেদের ত্রুটি সংশোধন করলে আবার ব্যবসা চালুর ছাড়পত্র দেওয়া হবে। এরপর কেটে গিয়েছে বহদিন। ত্রুটি সংশোধনের সুযোগকে কাজে লাগিয়ে আবার আবেদন করেন তাঁরা। ওই আবেদনে সাড়া দিয়ে তদন্তে নামে কলকাতা পুরসভার ফুড সেফটি অফিসাররা। তাঁরা এই দোকানগুলির পরিচ্ছন্নতা, সংরক্ষণ পদ্ধতি, খাবারের মান খতিয়ে দেখে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যখন একসঙ্গে এতগুলি খাবারের দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছিল তখন শহরের ব্যবসায়ী মহলে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। কলকাতা পুরসভা সূত্রে খবর,  মোট ৪৮টি প্রতিষ্ঠান আবার ব্যবসা শুরু করার অনুমতি পেয়েছে। বাকি দোকানগুলির ক্ষেত্রেও পরিদর্শন এবং যাচাইয়ের প্রক্রিয়া চলছে। সেগুলিও ত্রুটি শুধরে নিলে ব্যবসা করতে পারবে। সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। তবে নির্দিষ্ট নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা কাজ করতে চাইলে তাঁদের সবরকম সহযোগিতা করা হবে।


তাছাড়া কলকাতা পুরসভা কর্তৃপক্ষ কীভাবে ত্রুটি সংশোধন প্রক্রিয়া চালিয়েছে সেটা খতিয়ে দেখছেন অফিসাররা। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কোনওভাবেই আপস করা হবে না। সব নিয়ম মেনে কেউ ব্যবসা করতে চাইলে সবরকম সাহায্য করবে প্রশাসন। কলকাতা পুরসভা সব দিকেই নজর রাখছে।