এক বছরের জন্য আইনজীবী হিসেবে ফি নেবেন না কল্যাণ, ঘোষণা হাইকোর্টে

Photo: Statesman

ফের খবরের শিরোনামে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী এক বছর আইনজীবী হিসেবে তিনি কোনও ফি নেবেন না বলে সাফ জানিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেছেন।

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রিষড়া পুরসভার তিন তৃণমূল কাউন্সিলরকে পুলিশের দেওয়া ৩৫(৩) নোটিস সংক্রান্ত মামলার শুনানি হয়। ওই মামলায় মনোজ গোস্বামী, অভিজিৎ দাস ও কিশোর ঘোষের পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একই পুরসভার কাউন্সিলর কৌশিক মুখোপাধ্যায়ের পক্ষেও তিনি উপস্থিত হন। কৌশিকের আশঙ্কা, তাকেও শীঘ্রই ৩৫(৩) নোটিস পাঠানো হতে পারে।

আদালতে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ কাউন্সিলরদের পদত্যাগ করতে চাপ দিচ্ছে। তাঁর দাবি, পদত্যাগ না করলে গ্রেপ্তারির হুমকি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ৩৫(৩) নোটিসের জবাবও গ্রহণ করা হচ্ছে না। এই পরিস্থিতিতেই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।


শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, গত ৪ মে-র পর মাত্র আড়াই মাসে রাজ্যজুড়ে প্রায় ১৪ হাজার মামলা দায়ের হয়েছে। সেই প্রেক্ষিতেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী এক বছর আইনজীবী হিসেবে কোনও ফি নেবেন না। এদিন রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। বিচারপতি মামলাটির পরবর্তী শুনানির জন্য শুক্রবার ধার্য করেছেন।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে লাইমলাইটে উঠে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনও তিনি প্রকাশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন। তো কখনও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে পিতৃতুল্য বলে সম্মোধন করায় তাঁর সঙ্গে সব রাগারাগি মিটিয়ে নিয়েছেন। রাজনৈতিক আঙিনায় বারবার তাঁর কথাতে চাপানউতোর বেড়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূলের প্রায় সব নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপি ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাচ্ছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।