‘হাইকোর্টের নির্দেশের পরও মঞ্চ ভাঙচুর কেন?’ ২১ জুলাই কাণ্ডে পুলিশের কাছে জবাব তলব, তোপ বিচারপতি সৌগত ভট্টাচার্যের

Photo: Representational Image

২১ জুলাইয়ের সমাবেশের আগের রাতে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ক নাগ। তারই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মঙ্গলবার শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ক নাগ আদালতকে জানান, সোমবার রাতেই প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে ই-মেলের মাধ্যমে ঘটনাটি জানানো হয়েছে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল।

তিনি বলেন, আদালত আগে থেকেই আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটেছে, তার ব্যাখ্যা দিতে হবে।বিচারপতি আরও জানান, এক ঘণ্টা পর পুনরায় শুনানি হবে এবং তার মধ্যে পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত আদালতকে জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করার জন্য জয়েন্ট কমিশনার অফ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে, সোমবার গভীর রাতে মঞ্চ ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যান  মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, ২১ জুলাইয়ের কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মঞ্চ ভাঙচুর, বিদ্যুৎ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন করা এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা রয়েছে।