প্রবীণ বিধায়ককে নিয়ে ‘ছেলেখেলা’ কেন? শোভনদেবের মর্যাদা নিয়ে প্রশ্ন আদালতের

File Photo

বিরোধী দলনেতার পদ নিয়ে আইনি লড়াইয়ে এবার আদালতের কাঠগড়ায় প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মর্যাদা ও সম্মান। বিধানসভার স্পিকারকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনদেবের হাত ধরা কি নিছক সৌজন্য, নাকি তাঁকে বিরোধী দলনেতা হিসেবে মর্যাদা দেওয়ারই ইঙ্গিত? বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্ন ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল শুনানি।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর ব্যাখায় সন্তুষ্ট হলেন না বিচারপতি কৃষ্ণা রাও। বরং প্রবীণ বিধায়ককে ঘিরে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বিচারপতির প্রশ্ন, ‘আপনারা কি সেই মানুষটির সঙ্গে খেলছেন?’

বিধানসভার অধিবেশনের সূচনায় স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কেও। দু’জনে মিলে স্পিকারের হাত ধরে তাঁকে আসনে বসান। এই ঘটনাকেই শোভনদেবের বিরোধী দলনেতা হিসেবে ভূমিকার অন্যতম ইঙ্গিত বলে তুলে ধরা হয়েছিল।


কিন্তু বৃহস্পতিবার আদালতে সেই ব্যাখ্যা মানতে নারাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, ওই সময় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে কোনও বিরোধী দলনেতা নিযুক্ত ছিলেন না। মুখ্যমন্ত্রী সেখানে ‘লিডার অফ দ্য হাউস’ হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদিকে, শোভনদেব ছিলেন বিধানসভার প্রবীণতম বিধায়ক। সংসদীয় প্রথা মেনেই তাঁকে সঙ্গে নিয়ে স্পিকারকে চেয়ারে বসানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর হাত ধরা ছিল নিছক সৌজন্যের প্রকাশ। এর সঙ্গে বিরোধী দলনেতার স্বীকৃতির কোনও সম্পর্ক নেই।

কিন্তু এই যুক্তিতেই একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব যদি বিরোধী দলনেতা না-ই হন, তাহলে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে ছবি তুললেন কেন? ছবিতে তো স্পষ্ট দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মামলাকারীর হাত ধরে রয়েছেন। এই দৃশ্যের ব্যাখ্যা কী? এরপরই বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আপনারা কি সেই মানুষটির সঙ্গে খেলছেন? আজ ওঁকে বিরোধী দলনেতা, তারপর আরেকজন বিরোধী দলনেতা। প্রবীণ বলে কেন তাঁকে টানলেন? আবার কোথায় টানলেন?’

আদালতের এই প্রশ্নে মামলার শুনানিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বিরোধী দলনেতার পদে কার স্বীকৃতি আইনসঙ্গত, সেই আইনি প্রশ্নের পাশাপাশি একজন প্রবীণ জনপ্রতিনিধির মর্যাদা ও সম্মান কীভাবে বিবেচিত হচ্ছে, তা নিয়েও বিচারপতির অসন্তোষ স্পষ্ট।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের তরফে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ এবং সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনের ভিত্তিতে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব।

আরও পড়ুন: ফলতায় জাহাঙ্গিরের প্রাসাদোপম বাড়ি ভাঙার কাজ শুরু, প্রশাসনের পদক্ষেপে হাইকোর্টে তৃণমূল নেতা

ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এখন মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে। স্পিকারের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে কি না, আর করলে পরবর্তী সাংবিধানিক ও বিধানসভার প্রক্রিয়াই বা কী হবে, তা নিয়েই এখন কৌতূহল রাজনৈতিক ও আইনজীবী মহলে। আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।