কালীঘাট মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক শিল্পপতি গৌতম আদানি, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Gautam Adani Puja Kalighat Temple Photo-SNS

কথা ছিল আসবেন। সেই কথা মতোই তিনি এলেন। সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনকী এই রাজ্যে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। হ্যাঁ, তিনি বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। যাঁকে নিয়ে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে বিস্তর চর্চা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। তাই এই রাজ্যে বিনিয়োগ করবেন তিনি বলে জানা গিয়েছে। বুধবার কলকাতায় এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন। মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেন। আরতি সেরে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জয় মা কালী’ বলে ওঠেন।

এদিন নিউটাউনে দু’হাজার শয্যার হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে শিল্পপতির সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গৌতম আদানি লেখেন, ‘বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রীতিকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর আশীর্বাদ নিলাম। কলকাতা তখন বৃষ্টিতে ভিজছে। বাংলার মানুষের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় প্রার্থনা করলাম। আগামীর জন্য চাইলাম আশীর্বাদও।’ কর্মসংস্থান এবং শিল্পস্থাপনের অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় শিল্প ও বিনিয়োগে শিল্পপতিরা এগিয়ে আসছেন। অনেকের সঙ্গেই কথা হচ্ছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের নানা ক্ষেত্রে বিনিয়োগ করবে বলে সূত্রের খবর।

 


রাজ্যে বড় বিনিয়োগ এবং স্বাস্থ্য পরিকাঠামোয় এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজ্য সরকার। আদানি গোষ্ঠীর পক্ষ থেকে প্রকল্পটি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে তাঁরা।

তাছাড়া আদানি গোষ্ঠী এবারের দুর্গাপুজোয় সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নেবে। আর নির্বাচিত প্রত্যেকটি দুর্গাপুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। দুর্গাপুজোর শিল্প এবং ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্যও বিশেষ পরিদর্শন করার আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিনদিন ধরে চলবে এই বিশেষ দুর্গাপুজো প্রিভিউ ট্যুর। রাজ্যে তিনটি বড় প্রকল্পের কাজ শুরুর বিষয় সামনে এসেছে। তার মধ্যে আছে কলকাতার রাইটার্স বিল্ডিং সংস্কার এবং কুমোরটুলি ঘাটের পুনর্নির্মাণ।