বিধানসভার গ্রন্থাগারে রবীন্দ্রনাথের ১৯টি বই মমতার জিম্মায়, দ্রুত ফেরত না দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

Photo: Statesman

বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেগুলি ফেরত দেননি। এবার সেই বইগুলি ফেরতের দাবি তুলে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই বইগুলি ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৌরীশংকর ঘোষ।

সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে গৌরীশংকর ঘোষ জানান, বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড ও একটি সঞ্চয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। তিনি সেটা ফেরত না দিলে একজন সাধারণ পাঠকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, সেটাই তাঁর বিরুদ্ধে নেওয়া হবে। তিনি বলেন, ‘তিনি বিশিষ্ট বলে তাঁর জন্য আলাদা নিয়ম হবে, এমনটা নয়।’

এ বিষয়ে গ্রন্থাগারের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বইগুলি তাঁর কাছে নেই। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট চেম্বারে বইগুলি রয়েছে। সেই দপ্তর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে। তাই বইগুলি যতক্ষণ না গ্রন্থাগারে ফিরে আসে ততক্ষণ খাতায় কলমে সেগুলি ফেরত হিসেবে গণ্য হবে না। অন্যদিকে, গ্রন্থাগার বিষয়ক মন্ত্রীর আরও অভিযোগ, দলীয় স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কেনার নির্দেশ দেওয়া হয়েছিল।


আরও পড়ুন: হোটেল বুকিং করতে গিয়ে মাথায় হাত, প্রতারণার ফাঁদে খোয়া গেল লক্ষাধিক টাকা

গৌরীশংকর ঘোষ বলেন, ‘ওসব এপাং ওপাং ঝপাং-এর কোনও মূল্য নেই।’ তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরেই তিনি ওই বইগুলি গ্রন্থাগারগুলি থেকে সরিয়ে দিয়েছেন। ওই গ্রন্থাগারগুলিতে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ রাষ্ট্রবাদী ও জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের লেখা বই রাখা হবে। সেই সঙ্গে তাঁদের ইতিহাসকে গুরুত্ব দেওয়ার কথাও জানান গৌরীশংকর।