দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক কর্মসূচি থাকছে শাহের

Amit Shah Photo-SNS

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন হতে চলেছে। আর তারপরই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে দু’দিনের সফরে আসছেন শাহ। তবে একাধিক কর্মসূচি আছে তাঁর বলে বিজেপি সূত্রে খবর। আগামী ২০ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরদিনই তাঁর এই সফর। যেটাকে ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী ১৯ আগস্ট রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হবে। তার পরের দিনই রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সরকারি কর্মসূচিতেই শাহের এই সম্ভাব্য বঙ্গ সফর বলে জানা গিয়েছে। আর বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই অবিলম্বে ‘ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেটা নিয়েও অমিত শাহ কথা বলতে পারেন রাজ্য নেতৃত্বের সঙ্গে বলে মনে করা হচ্ছে। সদ্য রাজ্যে বিরোধী থেকে শাসকদল হয়েছে বিজেপি। তাই যদি কোনও ভুল হয় তাহলে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। আগামী দিনে তার ফল ভুগতে হবে। সেটা বিলক্ষণ জানেন দিল্লির নেতারা। তাই এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলবেন শাহ বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এই সফরের দু’দিন অর্থাৎ ২১ ও ২২ আগস্ট রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি এবং নানা সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা হতে পারে শাহের বৈঠকে বলে সূত্রের খবর। গত মাসে তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। তখন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পৃথক বৈঠক করেছিলেন তিনি। ওই বৈঠকগুলিতে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি, সরকারি কাজ এবং নানা প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন শাহ।


তাছাড়া তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির প্রায় ১৫০ জন নেতা-কর্মীকে শোকজের নোটিস দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই বিষয়টি নিয়েও রাজ্য নেতৃত্বকে সতর্ক করতে পারেন অমিত শাহ। একইসঙ্গে এবারের সফরে আগের বৈঠকে দেওয়া নির্দেশগুলি কতটা কার্যকর হয়েছে, কোথায় কোনও সমস্যা তৈরি হয়েছে এবং কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কোনও জটিলতা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখবেন তিনি বলে মনে করা হচ্ছে।