উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পিছল, নতুন তারিখ জানিয়ে দিল সংসদ

Higher Secondary Exam Deferred Photo-SNS

দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিনে বদল করা হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বদল নিয়ে জানিয়েছে, একাধিক পরীক্ষা সাতদিন করে পিছিয়ে যাচ্ছে। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে বলেই এই বদল ঘটানো হয়েছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।

এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে প্রকাশিত সূচি অনুযায়ী ৫, ৬ এবং ৭ অক্টোবর উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ওই পরীক্ষা হবে ১২, ১৩ এবং ১৪ অক্টোবর হবে।

আবার আগামী ৫ অক্টোবর ছিল ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স-সহ আটটি বিষয়ের পরীক্ষা। সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ অক্টোবর পরীক্ষাগুলি নেওয়া হবে। ৬ অক্টোবর ছিল সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সোশিওলজি-সহ ৬টি বিষয়ের পরীক্ষা। নতুন সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর এই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে।


উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ‘গেজেট বিজ্ঞপ্তি’ প্রকাশিত হবে। আর ১৬ সেপ্টেম্বর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার সঙ্গে হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচন। তাছাড়া আগামী ৭ অক্টোবর তারিখের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর।