কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Image: ANI

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন দু’টি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কত দিন বৃষ্টি হবে তা জানিয়ে আবহাওয়া দপ্তর।


বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে আসামের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই জোড়া ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হতে পারে।

 


সোমবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুট কমার সম্ভবনা রয়েছে।সোমবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি হতে পারে। এছাড়া শুক্রবার হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই চব্বিশ পরগনায় বৃহস্পতিবারর ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।

 

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি কয়েক দিন চলতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই দিনে মালদহ, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।