আগামী সপ্তাহে বৃষ্টির সঙ্গে ফিরতে পারে গরম, সপ্তাহান্তে কি ভিজবে উত্তর-দক্ষিণ?

File photo

আগামী সপ্তাহে বৃষ্টি থেকে দুদিনের রেহাই। আর সেই সময়তেই ফের গরম ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ফের আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তা শুক্রবার পর্যন্ত চলবে বলে পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? শনি ও রবিবার কি বৃষ্টিতে ভিজবে দক্ষিণ-উত্তরবঙ্গ? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দেশে বর্ষার বিদায়পর্ব শুরু হতেই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। থাইল্যান্ড থেকে এগিয়ে আসা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে আবহবিদরা জানিয়েছেন, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে গরম বাড়তে পারে। ফের বুধ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া


শনিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে একই রকম আবহাওয়ার দেখা মিলবে। তেমন কোনও পরিবর্তন প্রায় নেই। এদিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

শনিবার কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

শনি ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।