শহরের একাধিক রাস্তা বন্ধ থাকবে কর্মব্যস্ত দিনে, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

Kolkata Traffic Update Photo-SNS

সপ্তাহের শুরু সোমবার দিন মহানগরীর একাধিক রাস্তা বন্ধ থাকবে। আর তার জন্য যানবাহনকে বিকল্প পথে যাতায়াত করতে হবে। না হলে তীব্র যানজটে পড়ে যেতে পারেন নিত্যযাত্রীরা। কারণ হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রথমবার সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১০ আগস্ট তিরঙ্গা যাত্রা উপলক্ষ্যে বড় মিছিলের আয়োজন করা হয়েছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে মিছিল হবে। এই মিছিলের জেরে যে যানজট হবে তা অনেকেই এখন থেকে মনে করতে শুরু করেছেন। এই কারণে কলকাতা ট্রাফিক পুলিশ শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে।

এই মিছিল প্রায় ৫০ হাজার লোক নিয়ে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার ফলে সোমবার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে করা হবে। রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে। কর্মব্যস্ত দিনে এই রাস্তাগুলিও ব্যস্ত থাকে। এই রাস্তাগুলি দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। তাই কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১০ আগস্ট সপ্তাহের শুরুতেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়বেন অফিসযাত্রীরা। নাকাল হতে হবে নিত্যযাত্রীরা। তাই ওইদিন রাস্তায় বেরনোর আগে জেনে নিতে হবে কোন কোন রাস্তা বন্ধ থাকতে পারে।

আবার রাস্তা বন্ধ থাকলে বিকল্প কোন রুটে গন্তব্যে পৌঁছনো সম্ভব সেটাও জেনে নিতে হবে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ময়দান যাওয়ার রাস্তা কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ বন্ধ থাকবে ১০ আগস্ট। আর পার্কিং করা যাবে না-কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের একাংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ রাস্তায় পার্কিং নিষিদ্ধ।


তাছাড়া কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা এবং সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী গাড়ির ক্ষেত্রেও রয়েছে নির্দেশিকা। যে রাস্তাগুলিতে পণ্যবাহী যানবাহন সেদিন চলবে না সেগুলি হলো-দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত। আবার সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।