অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে ট্রায়াল রান সম্পূর্ণ হল। শনিবার মহালয়ার দিন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রায়াল রানটি সফল হয়েছে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের সময়ে এই পরিষেবা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে নিউ গড়িয়া থেকে খুব কম সময়ের মধ্যে সেক্টর ফাইভে পৌঁছনো যাবে।
কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সেক্টর ফাইভে পৌঁছতে মাঝে পড়বে গৌরকিশোর ঘোষ ও নলবন মেট্রো স্টেশন। ট্রায়াল রান সফল হওয়ার পরে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পেতে হবে। তারপরে যাত্রী পরিষেবা শুরু হবে।
এখন অরেঞ্জ লাইনে মাত্র ৯ কিলোমিটার অংশে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যাত্রী পরিষেবা পাওয়া যায়। চিংড়িঘাটায় কাজের জন্য প্রায় আড়াই বছর অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ আটকে ছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেই অংশের কাজ সংক্রান্ত জট কাটে। মেট্রোর কাজ শুরু হয়।
আরও পড়ুন: দুর্গাপুজোয় দুঃস্থ শিশুদের মুখে ফুটবে হাসি, পুজো পরিক্রমা নিয়ে বিশেষ উদ্যোগ আদানি গোষ্ঠীর
৯০ দিনে চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশ এবং সংলগ্ন লাইনে কাজ সম্পূর্ণ হয়। কাজ সম্পন্ন হওয়ার পরে শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হল। যাত্রী পরিষেবা চালু হলে মোট ১৫ কিলোমিটারের বেশি এলাকা মেট্রো পরিষেবা কভার করবে।