হোটেল বুকিং করতে গিয়ে মাথায় হাত, প্রতারণার ফাঁদে খোয়া গেল লক্ষাধিক টাকা

Photo: Cyber Scam (AI নির্মিত ছবি)

সামনেই দুর্গাপুজো। আর পুজোর ছুটিতে বেহালার এক বাসিন্দাও নৈনিতালে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন। সেইমতো তিনি অনলাইনে হোটেল বুকিং করতে গিয়েছিলেন। আর তা করতে গিয়েই সাইবার জালিয়াতদের ফাঁদে পড়লেন তিনি। খোয়ালেন প্রায় পৌনে ২ লক্ষ টাকা।

জানা গিয়েছে, বেহালার ওই বাসিন্দা পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে উত্তরাখণ্ডের কুমায়ূন হিমালয়ের নৈনিতাল ও আশেপাশের কয়েকটি জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন। অনলাইনে নৈনিতাল লেকের ধারে একটি হোটেলের ছবি দেখে তাঁর পছন্দ হয়। এরপর তিনি সেই হোটলের ওয়েবসাইটে যোগাযোগ করেন। ওয়েবসাইটে থাকা একটি নম্বরে ফোন করার পরেই একজন ব্যক্তি নিজেকে হোটেলের কর্মচারী বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি হোটেলের বিষয়ে সমস্তটা জানান। এরপরে তিনি বেহালার বাসিন্দাকে জানান, ওই সময়ে হোটেলে কয়েকটি ঘরই শুধু ফাঁকা রয়েছে। তাই তিনি যদি এখনই হোটেল বুকিং না করেন, তাহলে পরে ঘর পাওয়া খুব মুশকিল। ঘরগুলি বুকিংয়ের জন্য বেহালার বাসিন্দাকে এখনই ২৪ হাজার টাকা দিতে হবে বলা হয়। ওই ব্যক্তিকে বিশ্বাস করে অভিযোগকারী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে হোটেল কর্মীর অ্যাকাউন্টে ২৪ হাজার টাকা পাঠান।


পুলিশ সূত্রের খবর, এরপর জালিয়াতরা হোটেলের কাছে নথি রাখার জন্য বেহালার বাসিন্দাকে তাঁর ক্রেডিট কার্ডের নম্বরটি পাঠাতে বলেন। তিনি নিজের ক্রেডিট কার্ডের নম্বরটি পাঠাতেই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে। সাইবার জালিয়াত তাঁকে ওটিপিটি শেয়ার করতে বলেন। প্রথমে ওই ব্যক্তি ওটিপি দিতে রাজি হননি। এরপরেই সাইবার জালিয়াত জানান, ওটিপি শেয়ার না করলে হোটেল কর্তৃপক্ষ রুম বুক করতে পারবে না। আবার ২৪ হাজার টাকাও তিনি ফেরত পাবেন না। এরপর কিছুটা বাধ্য হয়ে তিনি ওটিপি শেয়ার করেন।

আরও পড়ুন: ভবানীপুরে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত

জানা গিয়েছে, ওটিপিটি শেয়ার করার পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫০ হাজার ৮৮৮ টাকা তুলে নেওয়া হয়। এরপরে তিনি বেহালা থানায় অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইলের সূত্র ধরে পুলিশ সাইবার জালিয়াতদের খোঁজ চালাচ্ছে। পুজোর জন্য হোটেল বুকিংয়ের আগে ওয়েবসাইটগুলি যাচাই করে টাকা পাঠানোর পরামর্শ দিয়েছে লালবাজার।