কলকাতা-সহ গোটা রাজ্যের নানা প্রান্তে প্রতারণার ছক কষা হচ্ছে। তাতে বহু নাগরিকই বিশ্বাস করে পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এমন অভিযোগ ব্যাপক হারে জমা পড়ছে সাইবার ক্রাইম থানায়। আর সেসব অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যাচ্ছে সাইবার ক্রাইম বিভাগ। এই প্রতারণার ছকে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবির নামও ব্যবহার করা হল বলে অভিযোগ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই খবর পৌঁছে গিয়েছে লোক ভবনেও। তাই নয়া পদক্ষেপ করলেন রাজ্যপাল।
কোনও নেতা-মন্ত্রী নাম ব্যবহার করে প্রতারণার ছক এমন নয়। সরাসরি রাজ্যপাল আরএন রবির নাম ভাঁড়িয়ে প্রতারণা করার চেষ্টা করা হল। এমনটাও যে হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারছেন না। এবার এই ঘটনার পর সতর্ক করল লোক ভবন। কেমন করে প্রতারণার চেষ্টা করা হয়েছিল সেটাও জানা গিয়েছে। লোক ভবনের তরফে তা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। শুরু হয়েছে তদন্ত। নম্বরগুলি চিহ্নিত করতে পেরেছে লালবাজার। এবার প্রতারকদের নাগাল পেতেই চলছে তদন্ত।
লোক ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৮৩৬২০৫১৬২ এবং ৯৮৩৬৮৭৪৯১৩ নম্বর থেকে ফোন এসেছিল। নিজেকে রাজভবনের আকাশ সিং বলে পরিচয় দেয় এক অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। যদিও ওই নামে কেউ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে লোক ভবন। অন্য এক ব্যক্তি নিজেকে খোদ রাজ্যপাল বলেই দাবি করে বসেন। আর এভাবেই প্রতারণার ছক কষা হয়েছিল। তবে কোনওরকম প্রতারণা করতে সফল হয়নি প্রতারকরা। এই পরিস্থিতিতে নাগরিকদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে লোক ভবনের পক্ষ থেকে।
তাছাড়া এই আবহে কলকাতার এক অনুষ্ঠানের প্রচারে রাজ্যপালের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। ওই ছবি ব্যবহারের কোনও অনুমতি ছিল না বলেই জানানো হয়েছে লোক ভবনের তরফে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ছবির অপব্যবহারের ঘটনা নিয়ে চাওয়া হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট। এইসব ঘটনা পর পর ঘটে চলায় সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। যাচাই না করে সন্দেহজনক ফোনে সাড়া না দেওয়ার আর্জি জানানো হয়েছে। এমনকী অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি, পদবি ব্যবহার নিষিদ্ধ বলে সেটা স্পষ্ট করে জানানো হয়েছে। যদি কোথাও রাজ্যপালের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ০৩৩-২২০০-১৬৪১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। আর generalcellgs@gmail.com ইমেল করেও অভিযোগ জানানো যাবে।