শ্লীলতাহানিতে অভিযুক্তকে ছাড়াতে মাঝরাতে নিউ আলিপুর থানায় হামলা, গ্রেপ্তার চার

Four Arrested File Photo

এক যুবতীর শ্লীলতাহানি করে ধরা পড়ে যুবক। কিন্তু তার সাঙ্গপাঙ্গ এই গ্রেপ্তারের ঘটনাকে মেনে নিতে পারেনি। তাই দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা সরগরম হয়ে ওঠে। ওই অভিযুক্ত যুবককে থানা থেকে ‘ছিনিয়ে’ নিতে পরিকল্পনা করা হয়। তার পর নিউ আলিপুর থানার ভিতর ঢুকে পুলিশের উপর চলে দেদার হামলা বলে অভিযোগ। এক আইনজীবীও নিউ আলিপুর থানার পুলিশ অফিসারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। পুলিশের উপর হামলার অভিযোগে ওই আইনজীবী-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকেও গ্রেপ্তার করে পুলিশ। এমন ঘটনা নিয়ে বুধবার জোর চর্চা শুরু হয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মাঝরাতে ব‌্যক্তিগত কাজ সেরে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ দিয়ে ওই যুবতী হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই যুবতী এলাকারই দুর্গাপুর কলোনির বাসিন্দা। তখন এলাকারই তিন যুবক তাঁর পিছু নেয় এবং উত্যক্ত করতে থাকে। যার প্রতিবাদ করলে তারা রাস্তার উপরই যুবতীর শ্লীলতাহানি করে। যুবতী চিৎকার করলেও নির্জন রাস্তায় কাউকে না পেয়ে নিজের দাদাকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। যুবতীর দাদা কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে বোনকে উদ্ধার করেন এবং ওই তিনজন যুবক তখন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে যুবতীর দাদা ধরে ফেলেন। আর বাকি দু’জন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছলে যুবতীর দাদা অভিযুক্ত জয়কুমার কামাথকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ তখন নিগৃহীত যুবতীর দাদাকে নিউ আলিপুর থানায় গিয়ে অভিযোগ জমা দিতে বলেন। তখনই পুলিশের উপর হামলার চেষ্টা করা হয়। অভিযুক্ত জয়কুমারকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন এলাকার কয়েকজন। যদিও তখন পুলিশ অভিযুক্তকে নিয়ে থানায় চলে যায়। মাঝরাতে ওই যুবতী তাঁর মা, বাবা এবং দাদাকে সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করতে থানায় যান। তখন থানায় পৌঁছন দুর্গাপুর কলোনির প্রায় ৫০ জন বাসিন্দা। পুলিশ বাসিন্দাদের বাইরে অপেক্ষা করতে বলে। কিন্তু এই বাসিন্দারা পুলিশের কথা না শুনে থানার ভিতরে ঢুকে পড়েন। তাঁদের বাধা দিলে পুলিশকে ধাক্কাধাক্কি, গালিগালাজ, মারধর করা হয় বলে অভিযোগ। জয়কুমারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তাঁরা বলে অভিযোগ। তাতে কয়েকজন পুলিশকর্মীর পোশাকও ছিঁড়ে যায়।


তাছাড়া পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তাড়া করে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, মারধরের মতো পরিস্থিতি তৈরি অভিযোগে সায়ন্তন সোম, লাকি পান্ডে এবং স্বরূপ দাস নামে তিনজনকে গ্রেপ্তার করে। কাকভোরে আইনজীবী থানায় গিয়ে অভিযুক্তদের সঙ্গে দেখা করার দাবি জানান। তাঁকে পুলিশ থানার ভিতরে ঢুকতে বাধা দেয়। তখন তিনি জোর করে থানার ঢুকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাই আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করা হচ্ছে বলে খবর।