‘আমিও এটা নিয়ে কোর্টে যাচ্ছি’, যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য

Former Minister Bratya Basu Photo-SNS

দু’দিন আগে বাগুইআটি থানায় ব্রাত্য বসুর বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। তা নিয়ে তখন কোনও প্রতিক্রিয়া মেলেনি প্রাক্তন মন্ত্রীর। এমনকী জেলে থাকা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছিল। এবার শনিবার অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করে সমস্ত অভিযোগ যুক্তি দিয়ে উড়িয়ে দিলেন তিনি। সুতরাং এই অভিযোগ নিয়ে তিনি যে বিন্দুমাত্র চিন্তিত নন সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকে তাঁকে বিশেষ দেখা যায়নি প্রকাশ্যে। তবে এমন অভিযোগ দায়ের হতেই প্রকাশ্যে এলেন তিনি। আর সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু দাবি করলেন, যে দপ্তর সংক্রান্ত অভিযোগ উঠেছে তাতে তিনি ওই দপ্তরের দায়িত্বে ছিলেন না। বরং ওই দপ্তর ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সরাসরি প্রশ্ন তুলে ব্রাত্য বসু বলেন, ‘আমি ওই দপ্তরের মন্ত্রী ছিলাম না। যা আমার হাতে ছিল না, সেখানে প্রভাব খাটাব কী করে? ওই দপ্তরের মন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।’ সুতরাং প্রভাব খাটিয়ে দুর্নীতি করার মতো সুযোগ যে তাঁর ছিল না সেটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। তবে তাঁর বিরুদ্ধে আগে কখনও কোনও অভিযোগ ওঠেনি। কিন্তু ক্ষমতা থেকে সরতেই যৌন নির্যাতন থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই দপ্তরেরই নানা স্তরে কর্মরত তিন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি তথ্যসংস্কৃতি দপ্তর নিজের হাতেই রেখেছিলেন। ২০১৬ সাল থেকে ওই দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। যিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগে ব্রাত্য, ইন্দ্রনীলের পাশাপাশি আরও অন্তত ৩০ জন সরকারি আমলা, অফিসার, কর্মচারীর নাম রয়েছে। তবে ব্রাত্য বসুর দাবি, ‘কুপ্রস্তাব দিতে গেলে তো তাঁকে চিনতে হবে! অভিযোগ কেউ করতেই পারেন। সেটা প্রমাণ সাপেক্ষ। আমিও এটা নিয়ে কোর্টে যাচ্ছি। আইন আদালতের উপর আমার ভরসা রয়েছে।’


তাছাড়া বাগুইআটি থানায় এইসব অভিযোগ নিয়ে জিরো এফআইআর দায়ের হয়েছে। তিন মহিলা জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য পুলিশের ডিজিকেও লিখিতভাবে গোটা ঘটনার বিবরণ জানিয়েছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, একজনকে ব্রাত্য বসু হেনস্থা করেছিলেন বিকাশ ভবনে। শনিবার ব্রাত্য পাল্টা বলেন, ‘আমার সময়ই বিকাশ ভবনে সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। যে দিনের কথা বলা হচ্ছে, সেই দিনের, সেই সময়ের ফুটেজ খতিয়ে দেখা হোক।’