‘খুব সাবধানে চলাফেরা করুন’, চোরবাগানে মৃত্যুমিছিলের পর বিশেষ বার্তা সৌরভের

Sourav Ganguly Photo-SNS

চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জন মারা গিয়েছেন। এই ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। তারপর থেকে সাধারণ মানুষ আতঙ্কিত। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শহর থেকে গ্রামবাংলায়। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা। তবে তারপরও মানুষ রাস্তায় নামছেন। প্রতিমা দর্শন করছেন এবং অষ্টমীর অঞ্জলিও দিচ্ছেন। এই আবহে নিজের পাড়ার দুর্গাপুজোতে পরিবারের সঙ্গে সময় কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে দক্ষিণ কলকাতার বীরেন রায় রোড সংলগ্ন ‘বেহালা প্লেয়ার্স কর্নার’-এর মণ্ডপে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাজির হন সৌরভ। অষ্টমীর সন্ধিপূজা ও মহা আরতিতে অংশ নেন। আর সেখান থেকে বেরিয়েই বিশেষ বার্তা দেন।

শরতের নীল আকাশ আর শিউলির গন্ধে মেতে উঠেছে বাঙালি তাদের শ্রেষ্ঠ উৎসবে। কিন্তু তার মধ্যেও চোরবাগানের ঘটনা মনে দাগ কেটেছে সৌরভের। তিনি ভুলতে পারছেন না ওই বিভীষিকা ভরা সন্ধ্যার কথা। যা তিনি সংবাদমাধ্যমে এবং সমাজমাধ্যমে দেখেছেন। যেখানে মহাষ্টমীর দিনটি বরাবরই বিশেষ অনুভূতির সকল বাঙালির কাছে সেখানে এই বিশেষ দিনে ওই মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করে বিশেষ বার্তা দিলেন বিশিষ্ট ক্রিকেটার। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, ‘দুর্গাপূজার মহাষ্টমী প্রত্যেকটি বাঙালির কাছে, আমাদের সবার কাছে এক পরম দিন। উৎসবের বাকি দিনগুলিতে শহরের অন্য জায়গায় ঘোরাঘুরির বদলে আমি নিজের বাড়ি এবং পাড়ার এই পুজোমণ্ডপেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।’

পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় আগে এমন ঘটনার নজির নেই। তাই এই দুর্ঘটনা নিয়ে বেশি চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সিট গঠন করেছেন। নিহত পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের সরকারি অর্থে চিকিৎসা করিয়েছেন। চোরবাগানের ঘটনার পর শহর ও শহরতলির বড় পুজোমণ্ডপগুলিতে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পুরো পরিস্থিতির তদারকি করছেন। তাঁর সঙ্গে মন্ত্রী এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা প্রত্যেকটি মণ্ডপে তীক্ষ্ণ নজর রাখছেন যাতে কোনও অবস্থাতেই চোরবাগানের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।’


তাছাড়া এই ঘটনার পর কেমনভাবে প্যান্ডেল হপিং করতে হবে সেটা বাতলে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই বিষয়ে উৎসবের এই আনন্দের মাঝেও সৌরভ চোরবাগান সার্বজনীনের ঘটনা নিয়ে বলেন, ‘খুবই মর্মান্তিক, আপনারা প্রত্যেকেই দেখেছেন কী ঘটেছে। এতগুলি তাজা প্রাণ চলে গেল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সময়ে রাস্তায় মানুষের প্রবল ভিড় থাকে। দুর্গাপুজো মানেই হাজার হাজার মণ্ডপ আর উপচে পড়া ভিড়। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব খুব সাবধানে চলাফেরা করুন। ভিড়ের মধ্যে সচেতনভাবে ঠাকুর দেখুন এবং সুস্থভাবে নিরাপদে পরিবারের কাছে ফিরে যান।’