পুজোর আগেই রাজ্য বনদপ্তরের কর্মী ও আধিকারিকদের খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেঞ্জ, বিট অফিসার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতন বৃদ্ধি করার কথা জানাল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরে অক্টোবর মাস থেকেই তাঁদের সকলের বেতন বৃদ্ধি হতে চলেছে।
কত বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার? মঙ্গলবার সবুজ স্বাধীনতা দিবস-এর অনুষ্ঠানে রাজ্য সরকারের ১০০ দিন পূরণের সাফল্য স্মরণ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি জানান, রেঞ্জ, বিট অফিসার, ফরেস্ট গার্ডদের মাসে ৫০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যে বর্তমানে রেঞ্জার রয়েছেন ৫০০ জন। বিট অফিসার ৫০০ জন। ফরেস্ট গার্ড ৬৫০ জন ও বন সহায়ক রয়েছেন ১ হাজার ৫০০ জন।
এতদিন বন সহায়করা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পেতেন। তাঁদের ভাতা ২০০০ টাকা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে এবার থেকে তাঁরা মাসে ১২ হাজার টাকা করে ভাতা পাবেন। এদিন ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, বর্ষার মরশুমেই রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজ্য জুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গাছ মায়ের নামে কর্মসূচির আওতায় রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তিনি জানান, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি ছাড়িয়ে ১১ কোটির দিকে এগোচ্ছে। তাই রাজ্য সরকার এই বর্ষার মরশুমেই ১০ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ২ বছর সেই গাছগুলির রক্ষণাবেক্ষণ করা হবে।
আরও পড়ুন: ২০১১ থেকে ভোটার কার্ডে নেওয়া সব জাতিগত শংসাপত্রে পুনঃযাচাই, হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের
রাজ্য সরকারের উদ্যোগে ৩ কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগানো হবে। চলতি বছরে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে তার কাজ শুরু হবে। এদিন অনুষ্ঠানে একটি দেশীয় প্রজাতির লম্বা নারকেল গাছের চারা রোপণ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নারকেলও সুপারি গাছ বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাকৃতিক লাইটনিং অ্যারেস্টার হিসেবে কাজ করে। ইতিমধ্যেই বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। শহরের অনেক ভবনে লাইটনিং অ্যারেস্টার থাকলেও সেগুলি নিষ্ক্রিয় বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি পুলিশ, দমকল, কেএমসি ও পিডব্লুডি-কে যৌথভাবে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।