নিম্নচাপের প্রভাবে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহান্তে ভিজবে উত্তর-দক্ষিণ?

Photo: file photo

দেশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটিও ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন নাগাল্যান্ড মিজোরামের উপর অবস্থান করছে। তবে এর জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা ও আশেপাশের এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে কী পরিস্থিতি? চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

এদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কোনও জেলাতে তেমন ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে উপকূল জেলায় হালকা বৃষ্টি হবে। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে শনি থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণে আগামী বেশ কয়েকদিন অস্বস্তিকর পরিবেশ থাকবে। যদিও তাপমাত্রার সেভাবে কোনও পরিবর্তন হবে না। কলকাতায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।


আরও পড়ুন: পুজোর মরসুমে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কত হল জানেন?

উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় চলতি সপ্তাহে কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।