চারটি এফআইআর দিয়ে শুরু। এখন তা পৌঁছেছে ৩৯-এ। সব মামলা একসঙ্গে শুনানি ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ক্রমশ চাপ বাড়ছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের উপর। চারটি এফআইআর দিয়ে শুরু হয়েছিল। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট ৩৯টি এফআইআর দায়ের হয়েছে বলে আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবি। একাধিক মামলার জট থেকে রেহাই পাওয়ার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক।
মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দিলীপের হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর আবেদন, বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি একত্রে শুনানি করা হোক। পাশাপাশি, মামলাগুলিতে রক্ষাকবচও চাওয়া হয়েছে। আদালতে বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে।
এর আগে পুলিশের কাছে এই সংখ্যা জানতে চেয়েছিল আদালত। আইনজীবীর তরফে জানানো হয়, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছে। চারটি পৃথক এফআইআর খারিজের আবেদনও রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ও পরে বিরোধীদের উদ্দেশে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। তাঁকে খুঁজতে বিষ্ণুপুর ও পৈলানের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। অর্ঘ্যের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবিও করে পুলিশ।
আরও পড়ুন: পাক নাগরিক রানার সহযোগী ইমরান গ্রেপ্তার, জঙ্গিদের স্লিপার সেল তৈরির ছক!
এরপর দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুরীর একটি হোটেল থেকে বেঙ্গল এসটিএফ তাঁকে গ্রেপ্তার করে। এখন তাঁর বিরুদ্ধে এফআইআরের সংখ্যা ৩৯-এ পৌঁছনোর দাবি ঘিরে নতুন করে চাপে তৃণমূল বিধায়ক। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নির্দিষ্ট দিনে কলকাতা হাইকোর্টের তালিকা অনুযায়ী বিষয়টি শুনানির জন্য গ্রহণ করা হবে। ফলে আপাতত আদালতের পরবর্তী শুনানির দিকেই নজর রয়েছে দিলীপ মণ্ডলের।