কলকাতার রাস্তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগেই বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা, প্রস্রাব করা, থুতু ফেলার মতো একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিল রাজ্য বিজেপি সরকার। সেই মতো ১ সেপ্টেম্বর থেকে কলকাতার রাস্তা পরিষ্কার রাখার দায়িত্ব যে সাধারণ মানুষের উপরেও বর্তায়, সেটাকে সামনে রেখে নতুন পদক্ষেপ রাজ্যের।
মহানগরীকে পরিষ্কার ও সুন্দর রাখতে অল্প অল্প করে কিছু অভ্যাস বদলানোর উপরে জোর দেওয়া হয়েছে। রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। আর তা ফেললেও জরিমানা দিতে হবে। রাস্তায় যাতে মানুষ যেখানে-সেখানে নোংরা না ফেলে, তার জন্য আর্থিক জরিমানা ও কঠোর ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। রাস্তায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেললে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।
রাস্তায় জনসমক্ষে থুথু ফেললেই ১০০ টাকা জরিমানা দিতে হবে। একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গল-ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত্রতত্র প্রস্রাব করে রাস্তা নোংরা করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্যত্র গাড়ি দাঁড় করালে অথবা নিয়ম ভাঙলে গাড়ি চালকদের উপরে জরিমানা চাপানো হবে। দোকান ও বাড়ির বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য নাগরিকদের বলা হয়েছে।
আরও পড়ুন: হিমঘরে মজুত ৭০ শতাংশ আলু, কমছে চাহিদা, লোকসানের মুখে কৃষক-ব্যবসায়ীরা
পোস্টারে লেখা রয়েছে, ‘পরিষ্কার শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকেরও দায়িত্ব।’ ফলে শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে হাতে হাত দিয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়ে তোলাই প্রচারের মূল লক্ষ্য।