আজ রাজ্যের রাস্তায় নামছে ৫০টি নতুন এসি বাস, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Image: ANI

রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে ৫০ টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুলাই, মঙ্গলবার সকাল ১১টায় কসবার পরিবহন ভবন-২ থেকে নতুন বাসগুলির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে।
 রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাসগুলোর উদ্বোধন করা হবে ও বাসগুলির যাত্রা শুরু হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং পরিবহন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
রাজ্যের বিভিন্ন রুটে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে এই নতুন এসি বাসগুলি চালু করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে শহর ও শহরতলির সাধারণ যাত্রীরা আরও আরামদায়ক ও আধুনিক পরিবহন পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।