প্রেমিকের পরিবারকে নগ্ন করে হাঁটালো প্রেমিকার পরিবার, বেহালায় গ্রেপ্তার ৩

Three Persons Arrested File Photo

প্রেম করার শাস্তি যে মধ্যযুগীয় বর্বরতা হতে পারে তা এই যুগে কেউ কল্পনাও করতে পারেন না। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে খাস কলকাতায়। প্রেমিকের পরিবারকে নগ্ন করে হাঁটানো হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের তির প্রেমিকার পরিবারের দিকে। খাস কলকাতায় মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক যুবক বলে অভিযোগ উঠেছে। বেহালা সুরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে এক যুগলের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু প্রেমে আপত্তি থাকায় যুবক এবং তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় প্রেমিকার বাবা, মামা-সহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এই নির্মম ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা যাচাই করে দেখেনি দৈনিক স্টেটসম্যান বাংলা ডিজিটাল। সরশুনা এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকার এক যুবতীর। তবে দু’জনের সম্পর্ক জানাজানি হতেই প্রেমিকার বাড়ির সদস্যদের আপত্তি দেখা দেয়। আর সেই আপত্তির জেরেই নেমে এল প্রেমিকের পরিবারের উপর মধ্যযুগীয় বর্বরতা! ২৫ অক্টোবর ওই যুবক-যুবতীকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলে প্রেমিকার বাড়ির সদস্যরা। তখনই ওই যুবককে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই যুবতীর বাবা ও মামা এই অত্যাচার শুরু করে। আর ফোন করে ডাকা হয় প্রেমিকের বাবাকে। তারপরই চরম শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ছেলের সামনেই তাঁর বাবাকে হাতে বন্দুক তুলে দিয়ে বলা হয়, হয় ছেলেকে মেরে ফেলতে হবে নয়তো নগ্ন হয়ে হাঁটতে হবে রাস্তায়। ছেলেকে বাঁচাতে লজ্জায় মাথানত হয়ে গেলেও তাঁর বাবা নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে বাধ্য হন। প্রেমিকার বাবার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন প্রেমিক ও থাঁর বাবা। এখানেই শেষ নয়, ওই যুবকের এক বন্ধুকেও একইভাবে মারধর করে একই শাস্তি দেওয়া বলেও অভিযোগ। কারণ ওই বন্ধু এই প্রেমের সম্পর্ক জেনেও কাউকে কিছু জানায়নি। গোটা ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


তাছাড়া যুবতীর পরিবারের কাণ্ড সামনে আসতেই উত্তেজিত জনতা মেয়েটির বাড়ি ভাঙচুর করতে তেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। তখন বাড়ি থেকে পালিয়ে যায় মেয়ের বাবা এবং সদস্যরা। তবে মেয়েটির মামাকে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা। তাঁকে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন ছড়িয়ে যায়। মেয়েটির বাবা এবং মামার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।