বাঙালির প্রিয় দুর্গোৎসব আগেই ইউনেস্কোর মর্যাদা পেয়েছে। এবার রাজ্যে পালাবদলের পর দুর্গাপুজোকে সর্বজনীন করে তুলতে চলেছে রাজ্য বিজেপি সরকার। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আর সেদিনের ওই অনুষ্ঠানকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বিজেপি।
জানা গিয়েছে, এবার বিশ্বমঞ্চেও মহালয়ার এই অনুষ্ঠানের প্রচার চালানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও দুবাই এই তিন জায়গাতে দুর্গাপুজোর এই অনুষ্ঠানের প্রচার চালানো হবে। আমেরিকার টাইমস স্কোয়ার, ইংল্যান্ডের পিকাডেলি সার্কাস ও দুবাইয়ের বুর্জ খলিফাতে দুর্গাপুজোর অনুষ্ঠানের প্রচার ও ক্লিপিংস প্রচারিত হবে।
আগামী ১০ অক্টোবর ইডেনে অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী রোড শো করবেন। বিকেল ৫টা থেকে ইডেনে মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর তাঁরা ইডেনে প্রবেশ করলে উলুধ্বনির মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হবে। সেদিন অনুষ্ঠানে ৩ হাজার ঢাকি পারফর্ম করবেন। গলফ কার্টে নরেন্দ্র মোদী মাঠ প্রদক্ষিণ করবেন।
ওইদিন অনুষ্ঠানে অংশ নেবেন শান্তনু মৈত্র, কৌশিক চক্রবর্তী, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, শান, দেবর্ষি ভট্টাচার্য, লগ্নজিতা ও বাংলা ব্যান্ড দোহার। এর পাশাপাশি কয়েকটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহালয়ার দিন ইডেনে আড়াই হাজার ভিআইপি থাকবেন। সব মিলিয়ে ৩৫ হাজার দর্শক ইডেনে থাকতে পারবেন। অনুষ্ঠান শেষে ইডেনে ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী থাকবে।
আরও পড়ুন: স্ত্রী ধন ফেরত নিতে শ্বশুরবাড়িতে ঢুকলে তা ‘অনুপ্রবেশকারী’ নয়, স্পষ্ট বার্তা হাইকোর্টের
সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এর আগে বলেছিলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের বড় ম্যাচ আয়োজনের দক্ষতা রয়েছে। বড় ম্যাচে ভিড় নিয়ন্ত্রণ, প্রশাসনিক ও সাংগঠনিক ব্যাপারগুলি ভাল ভাবেই সামলানো গিয়েছে। এরকম বড় অনুষ্ঠানে আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাবে। খুব ভালো অনুষ্ঠান হবে বলে আশা করা যায়।’