শহরের একাধিক জায়গায় আবার ইডির হানা, আর্থিক তছরুপের অভিযোগে অভিযান

Enforcement Directorate Raid Photo-SNS

শহরে আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোরদার তৎপরতা শুরু হয়ে গেল বুধবার সকাল থেকে। আর্থিক তছরুপের অভিযোগে গুরুতর মামলার তদন্তে নেমে কলকাতার বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারী অফিসাররা। আর্থিক তছরুপ-সহ বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচারের তদন্তেই এই জরুরি অভিযান বলে জানা গিয়েছে। কদিন আগেও ইডি কলকাতার নানা জায়গায় হানা দিয়েছিল। কালো টাকা বিদেশে পাচারের বড় অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এই কালো টাকা পাচারের ক্ষেত্রে একটা চক্র কাজ করছে বলে তথ্যপ্রমাণ পেয়েছেন ইডির অফিসাররা।

ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা বিনিময়ের নাম করে বড় দরণের আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের সূত্র ধরেই শহরের দুই বিশিষ্ট ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে বুধবার সকাল থেকেই একযোগে তল্লাশি চালানো হয়। ইডি অফিসাররা খতিয়ে দেখছেন ওই ব্যবসা সম্পর্কিত যাবতীয় নথিপত্র এবং আর্থিক লেনদেনের হিসেব। এই ঘটনাকে কেন্দ্র করে বালিগঞ্জ এবং নিউ আলিপুরের সংশ্লিষ্ট এলাকাগুলিতে জোর আলোড়ন ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ নয়,  কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সামনে এসেছে। যার বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে ইডি অফিসারদের।

কদিন আগেই, শহর এবং শহরতলি এলাকার অন্তত ৬টি নানা জায়গায় একযোগে জোরকদমে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক দলের অফিসাররা। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ইডি অফিসাররা এই হানা দিয়েছিলেন। তখন কিছু তথ্য পেয়েছিলেন। এবার তার উপর তদন্তে নেমে তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন বিদেশে কালো টাকা পাচার করা হয়েছে। আর এভাবে প্রচুর পরিমাণে বিদেশি টাকা বিনিময় হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর আসে। যে টাকা পাচার হয়েছে তার মধ্যে তছরুপের অর্থও রয়েছে। তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন, দেশজুড়েই এই চক্র ছড়িয়ে আছে। তাই একদম আটঘাট বেঁধে বুধবার তদন্তকারীরা হানা দিয়েছেন।


তাছাড়া কদিন আগে ইডির একটি বিশেষ প্রতিনিধিদল নারকেলডাঙার বাসিন্দা তথা ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার বাড়িতে হানা দিয়েছিল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলার নেপথ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। ওই জালিয়াতির টাকা নানা ব্যবসা এবং কনস্ট্রাকশন খাতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয়েছিল। বুধবার সারা দেশে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু-সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে সকালে থেকে অভিযান চলে। ব্যবসায়ীদের সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হয়। বালিগঞ্জ এবং নিউ আলিপুরের ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিস কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে।