তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় এবার তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে কলকাতার লেকটাউন, বালিগঞ্জ-সহ মোট চারটি জায়গায় তল্লাশি শুরু করেন তদন্তকারী অফিসাররা। সব্যসাচী দত্তের সঙ্গে আর্থিক লেনদেনে ওই ব্যবসায়ীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এদিন লেকটাউন থানা এলাকার ভিআইপি রোডের এক বিলাসবহুল আবাসনে অভিযান চালায় ইডির অফিসাররা। এই আবাসনের ৯ তলায় ব্যবসায়ী তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গৌরব লাক্ষটিয়ার ফ্ল্যাট। তাঁর ফ্ল্যাটেই অভিযান চালায় ইডি। সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরব। তদন্তকারীদের অনুমান, কালো টাকা সাদা করতে নানা ব্যবসায়ীর মাধ্যমে বিনিয়োগ করতেন সব্যসাচী।
বেশ কিছুদিন আগে সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়ি থেকেও বিপুল পরিমাণ টাকা এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছিল। সুতরাং নানা ব্যক্তি, ঘনিষ্ঠ, আত্মীয়, ব্যবসায়ী এবং প্রোমোটারদের মাধ্যমে নিজের আয় বহির্ভূত সম্পত্তি গুছিয়ে রেখেছেন সব্যসাচী বলে তথ্য পেয়েছেন ইডির অফিসাররা। ইতিমধ্যেই তোলাবাজি ও খুনের অভিযোগে চলতি বছরের জুন মাসে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল নিউটাউন থানার পুলিশ। ওই ঘটনার তদন্তে নেমে আর্থিক দুর্নীতিরও তথ্য হাতে পায় তদন্তকারীরা। সব্যসাচীর ঘনিষ্ঠদের কাছ থেকে বিপুল সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছিল আগেই। দুর্নীতির টাকা রাজ্যের নানা প্রোমোটার এবং ব্যবসায়ীদের কাছে বিনিয়োগ করে রেখেছেন সব্যসাচী বলে অভিযোগ রয়েছে।
এদিন সকাল প্রায় ৬টা নাগাদ বর্ষণমুখর পরিস্থিতির মধ্যেই ভিআইপি রোডের ধারে অবস্থিত ‘এলকোভ গ্লোরিয়া’ নামের অভিজাত বহুতলে পৌঁছন ইডি অফিসাররা। আর সেখানে গৌরব লাক্ষটিয়ার ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসনের মূল প্রবেশদ্বার এবং সংশ্লিষ্ট তলটি ঘিরে ফেলে কড়া নিরাপত্তায়। ব্যবস্থা করেন যাতে কেউ ঢুকতে-বের হতে না পারে। সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান বহুক্ষণ চলে। তবে কী তথ্য পেয়েছেন তাঁরা তা তদন্তের স্বার্থে খোলসা করেননি।
তাছাড়া এই মামলাতেই রাজ্য পুলিশের এফআইআরের ভিত্তিতে ইডির পক্ষ থেকে ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়। তদন্ত শুরু করেন ইডির অফিসাররা। ওই মামলাতেই শুক্রবার লেকটাউনের ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। একই সঙ্গে বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি। সল্টলেকের দুই ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চলেছে বলে খবর। ফ্ল্যাটের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের কাগজপত্র, ফাইল এবং ডিজিটাল ডিভাইসগুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। গৌরববাবুকেও নানা আর্থিক নথিপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। কোন নির্দিষ্ট আর্থিক কেলেঙ্কারির তদন্তে এই অভিযান সেটা তদন্তের স্বার্থে এখনও স্পষ্ট করেননি তদন্তকারীরা।