রাজ্য প্রশাসনে বিরাট রদবদল, আট আমলার পদোন্নতি, নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি

Nabanna Photo-SNS

রাজ্য প্রশাসনে বিরাট রদবদল। পশ্চিমবঙ্গ সচিবালয় পরিষেবার আটজন সহকারী সচিবকে সোমবার পদোন্নতি দিয়ে উপসচিব পদের দায়িত্ব দেওয়া হল। এদিন রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের অধীনে এই পদোন্নতি কার্যকর হবে তাঁদের নতুন দায়িত্বে যোগদানের দিন থেকে। নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন বিচার বিভাগে কর্মরত অভিজিৎ ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের উপসচিব পদে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে। রাজ্যপালের সচিবালয়ে কর্মরত সৌরাংশু দত্তকে পাঠানো হয়েছে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরে। আর তারকনাথ আশকে সমবায় দপ্তরের দায়িত্বে ডেপুটি সেক্রেটারি পদে রাখা হয়েছে। এখানেই শেষ নয়, রাজর্ষি বসাককে দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব। রাশেদুল ইসলামকে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, সঞ্জীবন রায়কে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু পুনর্বাসন, সুদীপ মুখোপাধ্যায়কে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং মধুসূদন বিশ্বাসকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটি সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৩১ আগস্ট, ২০২৬।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পদোন্নতির ভিত্তিতেই এই আট আমলাকে উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা নতুন পদে যোগ দেওয়ার দিন থেকেই পদোন্নতি কার্যকর হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে নয়া নিয়ম জারি করেছিল রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর। নয়া নিয়মে পরিষ্কার করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনও পদোন্নতি নয়! রাজ্য সরকারি দপ্তরে লেভেল-২২ এবং তার উপরের সমস্ত বেতনস্তরের পদে পদোন্নতির ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক থাকবে। এই বিষয়ে সমস্ত দপ্তরকে নির্দেশ দেয় রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর।


তাছাড়া এই নির্দেশিকায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদে পদোন্নতির ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের মাধ্যমে পাঠাতে হবে। নিজ নিজ দপ্তরে এমন পদগুলির তালিকা, সংশ্লিষ্ট পদে শেষ পদোন্নতির তারিখ এবং ওই পদোন্নতিতে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছিল কিনা সেই তথ্যও একসপ্তাহের মধ্যে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরে পাঠাতে বলা হয়।