আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়া নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ মোট ৮টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির একাধিক দল সকাল থেকেই বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাসে সংগ্রহ করা একাধিক তথ্য ও সূত্রের ভিত্তিতেই এই অভিযান।
ইডি সূত্রে খবর, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত। বেশি টাকা দিলে দ্রুত এবং বেশি সুবিধা মিলবে। এই প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুলি অঙ্কের টাকা সংগ্রহ করা হয় বলে অভিযোগ। তদন্তে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও হাতে এসেছে। সেই সব অ্যআকাউন্টে হওয়া আর্থিক লেনদেনের উৎস ও অর্থের গতিপথ এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বনগাঁর চারটি ঠিকানায় তল্লাশি চলছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে কয়েকজনের নামও সামনে এসেছে। তাঁদের মধঅযে বনগাঁর বাসিন্দা অভিজিৎ ও রাহুলের নাম রয়েছে। তবে মঙ্গলবার সকালে তাঁদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। জানা গিয়েছে, অভিজিৎ গত মাসেই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছেন। অন্যদিকে রাহুল কোথায় আছেন সে সম্পর্কে এখন কোনও তথ্য মেলেনি। তাঁদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়ত, তা খতিয়ে দেখছে ইডি।
তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে টাকা তোলা হয়েছে। মোটা অঙ্কের সুদের টোপ দেখিয়ে প্রায় ১৬৪ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এই প্রতারণা শিকার হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ। একটি এফআইআরের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তদন্ত করছে ইডি।