সামনেই দুর্গাপুজো। তাই কোন কোন মণ্ডপ এবং প্রতিমা দেখবেন তা নিয়ে এখন পরিকল্পনা ছকে ফেলেছেন নতুন প্রজন্ম এবং শহর থেকে জেলার মানুষজন। সকাল থেকে বেরিয়ে পড়া এবং সারারাত প্যান্ডেল হপিং করার পরিকল্পনা আছে অনেকের। কিন্তু এত পরিকল্পনা বাস্তবায়িত হবে তো? উঠছে প্রশ্ন। কারণ দুর্গাপুজোর সময়ও প্রকৃতি সব পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুর্গাপুজোর সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে দুর্গাপুজোয় ঘুরে বেড়ানো একপ্রকার মাটি।
বেড়ে দেওয়া ভাতে যেন জল ঢেলে দেওয়ার মতো ঘটনা। এই বৃষ্টির ভ্রুকূটির কথা ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। তাতেই বিনা মেঘে যেন বজ্রাঘাত পড়ল দুর্গাপুজোয় আনন্দ করবেন বলে যাঁরা পরিকল্পনা করেছিলেন। আর একমাসের অপেক্ষা। তারপরই জোরকদমে রাজপথে নেমে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। থিম থেকে সাবেকিয়ানা দেখার ভিড়। এখন অবশ্য চুটিয়ে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। সুতরাং দুর্গাপুজোয় নতুন জামা পরে ঘুরে বেড়ানো ভেস্তে যেতেই পারে। আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে উন্মাদনা যখন তুঙ্গে তখন দুর্গাপুজোর আনন্দ মাটি করতে পারে খামখেয়ালি ঝড়বৃষ্টি।
অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহেই দুর্গাপুজো। এই বছর দুর্গাপুজোতে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুধু তাই নয়, মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দুর্গাপুজোয় অক্টোবর মাসের আবহাওয়া এই বছর ভাল থাকবে না। কারণ, সুপার এল নিনো এখন সক্রিয় রয়েছে। ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত সক্রিয় থাকবে এল নিনো। তার জেরেই দুর্গাপুজোর সময় ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
তাছাড়া এখন সেপ্টেম্বর মাসেও ঝড়বৃষ্টি চলছে। সকাল অথবা রাতে বৃষ্টি হয়েই চলেছে। এমনকী দুপুরেও মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। সেটাই অক্টোবর মাসে দেখা যেতে পারে। চলতি বছরের দুর্গাপুজোর সময় শান্ত আবহাওয়া পাওয়ার সম্ভাবনা নেই। কারণ, বঙ্গোপসাগর আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। ভূমিভাগ তখন ঠান্ডা হতে শুরু করবে এবং জল তখন উত্তপ্ত। তার জেরেই পরিবর্তনশীল জলবায়ু তৈরি হবে বলে মনে করছেন আবহবিদরা। এখান থেকেই আশঙ্কা করা হচ্ছে, দুর্গাপুজোর সময় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অক্টোবর মাসের শেষেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের জেরেই টানা মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে।