বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতিভারী বৃষ্টি জেলায়, ভিজবে মহানগরও

Heavy Rainfall Photo-IANS

আবার বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটাই এবার শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা আছে মহানগরী কলকাতায়। এমনকী এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি বাড়বে। বঙ্গোপসাগরে নিম্নচাপ যে চোখ রাঙাচ্ছে তাতে আবার রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হচ্ছে বলে খবর। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রবিবার থেকে ভারী এবং অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা আছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপ অবস্থান করছে। সেটাই ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পার করবে নিম্নচাপ। ফলে ভালরকম বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত আছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায়। সুতরাং নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও সুস্পষ্ট হবে এবং পশ্চিম-উত্তর পশ্চিম দিকে উপকূল অভিমুখে এগোবে।

অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা আছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা আছে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তখন সমুদ্র উত্তাল থাকায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দু’দিন নিষেধাজ্ঞা থাকবে। বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় নিম্নচাপ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে সেটা পশ্চিমবঙ্গে ঢুকেছে। পুরুলিয়া থেকে দক্ষিণে বাঁক নিয়ে সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।


তাছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। মঙ্গলবার পর্যন্ত এই সমস্ত জেলায় বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত আছে। মঙ্গলবারের পর থেকে ঝড়বৃষ্টি কমবে। আর উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।