কলকাতায় একটি অ্যাপ ক্যাবের ভিতর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কলকাতার এন্টালি এলাকায় ডিসি দে রোডে একটি লক করা ক্যাবের ভিতর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম ভগবানপ্রসাদ গুপ্ত (৪৫)। এন্টালি থানার পুলিশ দেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, এদিন সকালে ২৫, ডিসি দে রোডের সামনে একটি ক্যাব দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। গাড়িটিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কেউ সাড়া না দেওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
পুলিশ সূত্রের খবর, ওই ক্যাবের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ গাড়ির ভিতরে ভগবানপ্রসাদের দেহ পড়ে থাকতে দেখে। তাঁর দুটো পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তাঁর মুখেও রক্তের দাগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তি ওই ক্যাবটির চালক। পুলিশ স্থানীয় এক মেকানিকের সাহায্যে ভিডিয়োগ্রাফির মাধ্যমে গাড়ির তালা ভেঙে দেহটি বের করে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। কীভাবে ওই ব্যক্তি ক্যাবের ভিতরে এলেন? গাড়িটি কেন ভিতর থেকে তালাবন্ধ ছিল? ভগবানপ্রসাদের পা কেন দড়ি দিয়ে বাঁধা ছিল? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন। ভগবানপ্রসাদের সঙ্গে কারও যোগসূত্র ছিল কি না, এটা আত্মহত্যার ঘটনা না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।