দোরগোড়ায় এসে পৌঁছেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। তবে গতিবেগ কিছুটা কমেছে। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার গতিতে অন্ধ্র-ওড়িশা উপকূলের দিকে এগিয়েছে সেটি। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলিঙ্গপটনম থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। বুধবার রাতেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে ঢোকার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতেরও সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পরেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া ও কলকাতার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওই সময় দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শুক্রবারও স্বস্তি মিলবে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে।
এদিকে, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।