সপ্তম বেতন কমিশনে নিজেদের মতামত জানানোর সময়সীমা বাড়ল। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রস্তাব তাঁরা জমা দিতে পারবেন। শুক্রবার সপ্তম বেতন কমিশন এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
কমিশন সূত্রের খবর, নতুন কয়েকটি প্রতিষ্ঠান, সংস্থা ও আধা-সরকারি দপ্তরের কর্মী এবং অবসরপ্রাপ্তদের কমিশনের আওতায় আনা হয়েছে। গত ৫ নভেম্বর অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁরা এই সুযোগ পাচ্ছেন। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট 7spc.wb.gov.in-এর মাধ্যমে মতামত জমা দেওয়া যাবে। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও হার্ড কপি, পিডিএফ বা ইমেলের মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণ করা হবে না।
শুধুমাত্র ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলে জমা দেওয়া প্রস্তাবই বিবেচনা করা হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে গত ২ সেপ্টেম্বর কমিশনের তরফে মতামত চাওয়া হয়েছিল। কিন্তু পরে অর্থ দপ্তরের দু’টি বিজ্ঞপ্তিতে নতুন কিছু সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের কমিশনের আওতায় আনা এবং কয়েকটি সংস্থাকে বাদ দেওয়ার কথা জানানো হয়।
নতুন করে অন্তর্ভুক্ত সংস্থাগুলির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের কথা মাথায় রেখেই সময় বাড়ানো হয়েছে। ৫ নভেম্বর অর্থদপ্তর দু’টি আলাদা রেজোলিউশন জারি করে। প্রথমটিতে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়।
দ্বিতীয়তে ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থা কমিশনের আওতায় আনা হয়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদ এই তিনটি সংস্থাকে বাদ দেওয়া হয়। তবে কারা কমিশনের আওতায় থাকবেন, কারা বাদ পড়বেন, তা নিয়ে এখনও জটিলতা রয়েছে। সে জন্যই ফের বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল।