হাইকোর্টের নির্দেশের অমান্য! আইসিডিএস সুপারভাইজার নিয়োগে তিন শীর্ষ আধিকারিককে আদালত অবমাননার নোটিশ

Calcutta High Court Photo-SNS

আইসিডিএস সুপারভাইজার নিয়োগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্যের অভিযোগে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, আইসিডিএস-এর প্রজেক্ট ডিরেক্টর রচনা ভগৎ এবং পাবলিক সার্ভিস কমিশনের সচিব সাগর চক্রবর্তীকে আদালত অবমাননার নোটিশ জারির নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে ঝুলে রয়েছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ। এবার তা নিয়ে রাজ্যে একাধিক আইনি লড়াইয়ের পর ডিভিশন বেঞ্চ আগেই স্পষ্ট জানিয়েছিল, কেন্দ্রের ২০১৫ সালের নির্দেশিকা অনুযায়ী মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। আদালত সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশও বহাল রেখেছিল।

মামলাকারীদের অভিযোগ, আদালতের সেই নির্দেশ কার্যকর না করে সরকার ১৭১৩টি পদে পদোন্নতির পরিবর্তে মাত্র ৪০৯ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সুপারভাইজার পদে নিয়োগ দেয়। বাকি পদগুলি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়, যা ডিভিশন বেঞ্চের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকী এই নিয়োগ সম্পন্ন করার পর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলা এখনও বিচারাধীন।


বৃহস্পতিবার আদালতে মামলাকারীদের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী ১৭১৩টি পদে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক ছিল। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সেই নির্দেশ অমান্য করেছে। তাঁর বক্তব্য, বহু কর্মী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় স্থান পাওয়ার পরও তাঁদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে রাজ্য মাত্র ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ করা হয়। বাকি ৩০৩৬টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নির্দেশিকা মেনে ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নির্দেশ দেন। পরবর্তীতে সেই নির্দেশ ডিভিশন বেঞ্চও বহাল রাখে এবং জানায়, মোট ৩৪৫৮টি শূন্যপদের মধ্যে ১৭১৩টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ রাখতে হবে।

আরও পড়ুন: সুপ্রিম স্বস্তি অভিষেকের আপ্তসহায়কের, পরের শুনানি পর্যন্ত গ্রেপ্তার নয় সুমিতকে

এদিকে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে এবার সরাসরি প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি হওয়ায় নতুন মাত্রা পেল আইসিডিএস সুপারভাইজার নিয়োগ বিতর্ক। আগামী ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবের ওপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি পথ।