চলতি বছরে কলকাতা পুরসভার নির্বাচন হবে না বলে মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে পরিস্থিতি। কিন্তু ২০২৭ সালের শুরুতেই তা হতে পারে। হাওড়া পুরসভার নির্বাচন নিয়েও অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। যাইহোক পুরসভা নির্বাচন যখনই হোক রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কলকাতা এবং হাওড়া পুরসভার নির্বাচনে (২০৯+৬৮) মোট ২৭৭টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে জয়ী হতে গেলে জোট করা প্রয়োজন বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। বিধানভবনে এই পুরসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন এআইসিসি–র ইনচার্জ প্রকাশ যোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ কলকাতা এবং হাওড়া কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব।
এদিকে ওই বৈঠকে পুরসভা নির্বাচনে কংগ্রেস একক লড়াই করবে নাকি নির্বাচনী জোট করবে সেটার বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। এখন এই রাজ্যে বিজেপি ক্ষমতাসীন। পরিস্থিতি এমন গড়িয়েছে যে তৃণমূল ও কংগ্রেস কাছাকাছি এসেছে। তাই পুরসভা নির্বাচনে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার কথা চর্চিত হচ্ছে। এই আবহে কলকাতা ও হাওড়া পুরসভা এলাকায় অন্য দল থেকে কিছু কর্মী কংগ্রেসে এসেছে। তারপরও একক শক্তিতে কংগ্রেসের পক্ষে সম্মানজনক ফলাফল করা সম্ভব নয় বলেই মনে করছেন কলকাতা এবং হাওড়ার সাংগঠনিক নেতারা। এই পরিস্থিতিতে ভাল ফল করতে হলে জোট করা বাস্তব কৌশল হবে বলে বৈঠকে হাজির থাকা কয়েকজন নেতার বক্তব্য।
অন্যদিকে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে সংগঠন এখনও মজবুত। সেক্ষেত্রে কংগ্রেস জোট করলে চাপে পড়বে বিজেপি। এমনটাই মনে করেন কংগ্রেসের বহু নেতা। কিন্তু সিপিএমের সঙ্গেও জোট প্রয়োজন। কারণ একের বিরুদ্ধে এক প্রার্থী দিলে তবেই চাপে ফেলা যাবে বিজেপিকে। যেটা খুব কঠিন কাজ। কারণ সংগঠিত অবস্থায় আছে সিপিএমও। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে সিপিএমের আপত্তি নেই। কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেস যদি সংস্রব রাখতে চায় সেটা হলে আলিমুদ্দিন স্ট্রিট পৃথক রাস্তায় হাঁটবে। তখন জোট হবে না। ভোট কাটাকাটিতে বিজেপি বহু জায়গায় বেরিয়ে যেতে পারে। যদিও সিপিএমের সর্বভারতীয় স্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে তৃণমূল এবং কংগ্রেস।
তাছাড়া বিধানভবন সূত্রে খবর, এই বৈঠকে কলকাতা এবং হাওড়ার সাংগঠনিক নেতৃত্বদের মতামত শোনেন এআইসিসি’র পর্যবেক্ষকরা। এই মতামতের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঠিক করতে চলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিধানভবনে বেশিরভাগ নেতারা তৃণমূলের সঙ্গে জোট করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। কংগ্রেস এই বৈঠকের পর একপ্রকার জোট করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তৃণমূলের পাশাপাশি বামেদের কেমন করে কাছে টানে সেটাই এখন দেখার।