দীপাবলি পালন করতে সীমান্তে যাবেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটবেন শুভেন্দু

CM Suvendu Adhikari Photo-ANI

হাতে আর দু’দিন। তারপরই রাজ্যজুড়ে পালিত হবে দীপাবলি। কালীপুজো উপলক্ষ্যে মেতে উঠবেন মানুষজন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই প্রথম দীপাবলি পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রত্যেক দীপাবলিতে সীমান্তে বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে উৎসবের সময় কাটাতেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই রীতি বজায় রেখেছেন তিনি। দেশের নানা সীমান্তে গিয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। এবার সেই পথেই হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দীপাবলিতে জওয়ানদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিকে আলোর উৎসব মানুষজন নিজের মতো করে কাটিয়ে থাকেন। নেতা-মন্ত্রীরাও তাঁদের মতো করে পরিবার নিয়ে কাটান। সেখানে জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানো নিঃসন্দেহে পৃথক মাত্রা যোগ করে। সেখানে মুখ্যমন্ত্রী খোদ উপস্থিত থাকলে সেটা আরও আনন্দের হবে বলে মনে করা হচ্ছে। আগামী ৮ নভেম্বর, দীপাবলির দিন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে বিএসএফের ক্যাম্পে জওয়ানদের সঙ্গে দেখা করে দীপাবলি পালন করবেন। সকাল ১১টা নাগাদ ক্যাম্পে পৌঁছনোর কথা রয়েছে। সেখানে জওয়ানদের সঙ্গে সময় কাটাবেন। উৎসবের দিনে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে দীপাবলি উপলক্ষ্যে ইতিমধ্যেই মানুষের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আর জওয়ানরা এসব উৎসবে বাড়ি ফিরতে পারেন না। তাঁদের নিজেদের কাজে অবিচল থাকতে হয়। পরিবার-পরিজনকে দূরে রেখেই কাজ করে যেতে হয়। সুতরাং তাঁরা দীপাবলির আনন্দ উপভোগ করতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দীপাবলির দিন জওয়ানদের সঙ্গে মিলিত হয়ে সময় কাটান। এবার সেই পথেই হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীর রীতিই এবার রাজ্যে অনুসরণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম দীপাবলি। সুতরাং সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে উৎসব উদ্‌যাপনের এই কর্মসূচি রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।


তাছাড়া শুধু সীমান্তেই সময় কাটাবেন না মুখ্যমন্ত্রী। তাঁর আরও কর্মসূচি রয়েছে। হাকিমপুর সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে ওইদিনই কিছুক্ষণের জন্য কলকাতায় ফিরবেন বলে সূত্রের খবর। কলকাতায় কিছুক্ষণ থাকার পর সেখান থেকে দুপুরে রওনা দেবেন নন্দীগ্রামের উদ্দেশ্যে। সেখানে উপনির্বাচনে জিতেছেন বিজেপির প্রার্থী। তাই দীপাবলির বাকি সময় সেখানেই কাটানোর কথা রয়েছে।